যৌন হয়রানির দায়ে কুষ্টিয়ায় যুবকের এক বছর কারাদণ্ড
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যৌন হয়রানির দায়ে ওয়াসিমুল ডেবিটকে (১৯) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাউদ মিয়া তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। আজ শুক্রবার সকালে ওয়াসিমুল ডেবিটকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।খোকসা থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে খোকসা উপজেলার চক হরিপুর গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয় থেকে একা বাড়ি ফিরছিল। এ সময় একই এলাকার ওয়াজেদুল ইসলামের ছেলে ওয়াসিমুল তাকে যৌন হয়রানির চেষ্টা করে। মেয়েটি চিত্কার দিলে ওয়াসিমুল পালিয়ে যায়। মেয়েটি বাড়ি ফিরে তার অভিভাবকদের বিষয়টি জানালে তারা খোকসা থানার পুলিশকে খবর দেয়। পরে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ মিয়া সাক্ষ্য গ্রহণ শেষে ওয়াসিমুলকে এক বছরের কারাদণ্ড দেন।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।