যৌন হয়রানির দায়ে তাড়াইলে তিনজনের কারাদণ্ড
মুঠোফোনে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে কিশোরগঞ্জের তাড়াইলে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার তাদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের ইলিয়াস আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাপ্পী (২৬), একই উপজেলার চৌগাঙ্গা গ্রামের লাল মিয়ার ছেলে আবদুল কাদির (২৮) এবং তাড়াইল উপজেলার আনোয়ারপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে লাল মিয়া (২৮)।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাড়াইলের আনোয়ারপুর গ্রামের এক গৃহবধূকে মুঠোফোনে যৌন হয়রানি করে আসছিল জাহাঙ্গীর, কাদির ও লাল মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁরা তিনজন তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে গৃহবধূকে মুঠোফোনে আপত্তিকর কথা বলে সেখানে আসতে বলেন। তিনি এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। পরে রাতে তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ইউএনও মো. ইউসুফ আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জাহাঙ্গীরকে দুই মাস, লাল মিয়াকে ১৫ দিন এবং আবদুল কাদিরকে সাত দিনের কারাদণ্ড দেন। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।