যৌন হয়রানির দায়ে স্কুলশিক্ষকের এক বছরের কারাদণ্ড
নোয়াখালীর বেগমগঞ্জে যৌন হয়রানির অভিযোগে অরুণ চন্দ্র দে নামে এক স্কুলশিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অরুণ চন্দ্র উপজেলার উত্তর মীর ওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুল জান্নাত এই কারাদণ্ডাদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, অরুণ চন্দ্র প্রায়ই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে আজ ওই স্কুলের কয়েকজন ছাত্রী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে।পরে ইউএনওর নির্দেশে তাঁর কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুল জান্নাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই রায় দেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব প্রথম আলোকে জানান, অরুণ চন্দ্র আদালতে তাঁর দোষ স্বীকার করেছেন। বর্তমানে তাঁকে থানাহাজতে রাখা হয়েছে। কাল তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।