যৌনতা ও খেলা নিয়ে অলিম্পিয়ানদের জীবন
অলিম্পিক প্রতিযোগিতার কথা শুনলে চোখে ভাসে বিভিন্ন প্রতিযোগীর অংশগ্রহণের ছবি। কেউ জিতছেন, কেউ হারছেন, কেউ উল্লাস করছেন আবার কেউবা কাঁদছেন। স্টেডিয়ামের কোনে বসে কেউ ছবি তুলছেন, আবার হয়তো কেউ প্রিয় খেলোয়াড়ের সমর্থনে পতাকা নাড়ছেন। পুরো বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশনে ক্রীড়াবিদদের পারদর্শিতা বা শারীরিক কসরত দেখে চোখ জুড়ান। কিন্তু অলিম্পিয়ানরা অবসরে কী করেন বা কীভাবে অলিম্পিক ভিলেজে বাকিদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন, তা সাধারণ দর্শকদের ভাবনায় ঠাঁই করে নেয় না। অনেক অলিম্পিয়ান বলেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের বাইরে তাঁদের ওই সময়ের জীবনে থাকে পরিচয় পর্ব থেকে শুরু করে যৌনতাসহ সবকিছু। অলিম্পিকের পরপর দুটি আসরে সোনা জিতেছেন এমন একজন অলিম্পিয়ান সিএনএনকে এক সাক্ষাত্কারে বলেছেন, ‘যাঁরা খুব ভালো সাজার চেষ্টা করছেন, ভাব করছেন অলিম্পিক ভিলেজে কী হয়, তা তাঁরা জানেন না, তাঁরা আসলে মিথ্যা বলছেন। তাঁরা জানেন, জানেন কর্মকর্তারা, এমনকি প্রচারমাধ্যমও জানে। ওগুলো কোনো লুকানোর বিষয় নয়, কারণ সবাই সবকিছু জানে।’ওই অলিম্পিয়ান বলেন, ‘অলিম্পিকের অন্যতম স্পৃহা হলো যৌনতা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ কথা ফলাও করে বলবে না, যদিও সেগুলো সত্য। এগুলো থেকে আপনি নিজেকে লুকাতে পারেন না। তাঁরা যে একগাদা করে কনডম বিলান, তা কি এমনি এমনি?’ অলিম্পিকের ক্রীড়াবিদদের আবাস এক বিচিত্র ব্যাপার। গাদাগাদি করে তৈরি প্রায় তিন হাজার অ্যাপার্টমেন্ট। বিশ্বের দুই শতাধিক দেশের হাজার দশেক ক্রীড়াবিদ দুই সপ্তাহের জন্য এসব অ্যাপার্টমেন্টে থাকেন। অলিম্পিয়ানরা হলেন জগতের সবচেয়ে দক্ষ ক্রীড়াবিদ। প্রশিক্ষণ নেওয়ার সময় প্রথাগত শৃঙ্খলার কারণে তাঁদের অনেকেই যৌনতা থেকে দূরে থাকতে বাধ্য হন। অথচ অলিম্পিক ভিলেজে নারী-পুরুষ পাশাপাশি থাকেন। আর দুই সপ্তাহের জন্য প্রতিযোগীরা জগতের সবার চোখের মণি হয়ে থাকেন। কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও প্রতিযোগিতার সময় বা সাফল্য পাওয়ার পর বা পথে যাওয়ার সময় কখনো কখনো ভক্ত বা প্রচারমাধ্যমের মনোযোগে এসে যান।মানবিক প্রকৃতিই হলো এ রকম কিছু ব্যক্তি একসঙ্গে বসবাস করলে বা খুব কাছাকাছি এলে যৌন চাহিদা উন্মুক্ত হয়ে পড়ে। সিডনি বা আটলান্টা অলিম্পিকের অভিজ্ঞতা থেকে লন্ডন অলিম্পিকের আয়োজকেরা একটা দারুণ শিক্ষা নিয়েছেন। অ্যাথলেটদের মধ্যে তাঁরা প্রায় দেড় লাখ কনডম বিলিয়েছেন। সিএনএনের সংবাদে বলা হয়, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে কনডম বিতরণে সংখ্যার দিক দিয়ে এটা সবচেয়ে বড় রেকর্ড।৩০-এ পা দিয়েছেন এমন একজন সোনাজয়ী অলিম্পিয়ান অতীতের কথা স্মরণ করে বলছিলেন, ‘কী করতে হবে বা চাইতে হবে, তা প্রতিযোগীরা প্রথম প্রথম বুঝতে পারেন না। কিন্তু ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যায়। যেই প্রতিযোগিতা শেষ হলো, তারপর আর ঘুম নেই। পুরো এক দিন ফুর্তি!’তিনি আরও বলেন, ‘অলিম্পিক ভিলেজে অনেক স্বেচ্ছাসেবী হয়তো দেখতে চাইবেন, আপনার ঘরটি কেমন? কিন্তু, আপনার ঘরটি দেখা তার মূল উদ্দেশ্য নয়। ওটা কেবল মজা। তাঁরা আসলে অ্যাথলেটদের সঙ্গে থাকতে চান। আপনি কথা বলবেন, তাঁকে নিয়ে ঘরে যাবেন। এরপর আপনি যা চাইবেন, তা-ই পাবেন।’ তিনি বলেন, ‘আমি এবং আমার রুমমেটের মাঝে খুব ভালো বোঝাপড়া ছিল। যখন আমরা কেউ “ব্যস্ত” থাকতাম, তখন দরজায় কিছু একটা রেখে দিতাম, যা দেখে ও বুঝতো আমি কী করছি।’ওই অলিম্পিয়ান বলেন, ‘প্রতিযোগিতার আগের রাতে আমাদের কোচ পাহারা দিতেন। কারণ, আমাদের কুখ্যাতি ছিল। কিন্তু, আমাদের আটকানো ছিল অসম্ভব। সত্যি বলতে কী, উপভোগের পর দৌড়াতে আমার বেশ লাগত। মনে হতো আমি পায়ের ওপরে ভেসে আছি।’যুক্তরাষ্ট্রের অলিম্পিয়ান হোপ সোলো অলিম্পিক ভিলেজ নিয়ে খোলাখুলি আলাপ করেছেন। মার্কিন মহিলা ফুটবল দলের এক গোলরক্ষককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা অনেক ছোট ছিলাম। আমাদের আশপাশে যাঁরা ছিলেন, তাঁরাও ছিলেন একা।’ইএসপিএন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ওখানে প্রচুর যৌনকর্ম চলে। জীবনের একটা দুর্লভ সুযোগ হিসেবে আপনি এমন কিছু করতে চান, যা আপনার স্মৃতি হয়ে থাকবে। তা সে যৌনতা, ভোজসভা বা মাঠে কিছু করে দেখানো, যা খুশি হোক। আমি লোকদের খোলাখুলি যৌনকর্ম করতে দেখেছি। ঘাসের ওপরে বা দুটো দালানের ফাঁকে যে যেমন পেরেছে, শুয়ে পড়েছে। দুষ্টুমি করেছে।’১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে অংশগ্রহণকারী আরেক প্রতিযোগী বলেন, ‘একদিন রাতে খাবার খেতে গেছি। একদল নারী প্রতিযোগী আমাদের এসে বলল, “এক ঘণ্টার মধ্যে আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে যাবে। তোমাদের অবস্থা কী?” আমরা বললাম, “আমরা ঘরে ফিরে যাব।” যখন আমরা উঠলাম, ওরা এসে বলল, “আমরা কি তোমাদের সঙ্গে যেতে পারি?” এরপর আমরা আর ঘরে ফিরিনি। রাত কাটিয়েছিলাম গাছের নিচে।’