রং বে র ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজন্ম বন্ধননিয়তিতে যাঁদের বিশ্বাস নেই, এমিল জাটোপেক ও ডানা জাটোপকোভার কাহিনি চমকে দেবে তাঁদেরও। চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ান-সিলেসিয়ান অঞ্চলের দুটি শহর কোপরিভনিস ও কারভিনা। ২৫ মাইল ব্যবধানের এই দুই শহরে একই দিনে দুজনের জন্ম, ১৯২২ সালের ১৯ সেপ্টেম্বর। ঘণ্টা খানেকের ব্যবধানে পৃথিবীর আলো দেখেছেন দুজন, নিয়তিই যেন একসঙ্গে বাঁধা হয়ে গিয়েছিল তখন থেকেই।ছেলেবেলা থেকেই লিকলিকে স্বাস্থ্যের এমিল খেলাধুলার ধারেকাছে ঘেঁষতেন না। ১৬ বছর বয়সে বাটার কারখানায় চাকরি নিয়েছিলেন। ওখানকার ক্রীড়া প্রশিক্ষক জোর করে এমিলকে এনেছিলেন অ্যাথলেটিকস ট্র্যাকে। ডানা আবার ছোট থেকেই দুরন্ত। অ্যাথলেটিকসের নানা শাখা-প্রশাখায় ঘুরে থিতু হয়েছিলেন জ্যাভলিন থ্রোতে। ১৯৪৮ সালে একটি অ্যাথলেটিকস মিটে দুজনের পরিচয়। আস্তে আস্তে ভালো লাগা। কদিন পর লন্ডন অলিম্পিকে গেলেন এমিল, ডানা যোগ্যতা অর্জন করতে পারেননি। লন্ডনে ১০ হাজার মিটারে সোনা ও ৫ হাজার মিটারে রুপা জিতে এমিল দেশে ফিরলেন নায়ক হয়ে। দুজনের ভালো লাগা তত দিনে রূপ নিল ভালোবাসায়। লুকোচুরি খেলার চেয়ে বিয়েটা সেরে ফেলাই ভালো মনে করলেন দুজন। জাতীয় সংবাদ হলো দুজনের বিয়ে। ১৯৫২ হেলসিংকি অলিম্পিকে গেলেন দুজন একসঙ্গে। ২৪ জুলাই ৫ হাজার মিটারে সোনা জিতলেন এমিল, ঘণ্টা খানেক পর ডানা সোনা জিতলেন জ্যাভলিনে! একই দিনে ঘণ্টা খানেকের ব্যবধানে জন্ম, ঘটনাচক্রে অ্যাথলেটিকসে আসা, পরিচয়-প্রণয়, বিয়ে (একই দিনে!), একই দিনে ঘণ্টা খানেকের ব্যবধানে অলিম্পিক সোনা জয়—এসবকে নিয়তির খেলা ছাড়া কী বলবেন! সোনা জয়ের পর সংবাদ সম্মেলনে একসঙ্গে এসেছিলেন দুজন। এমিল মজা করে বললেন, ‘আমার অনুপ্রেরণাতেই ওর সোনা জয়।’ পাশ থেকে ডোনা, ‘তা-ই বুঝি? যাও না, আর কোনো মেয়েকে অনুপ্রাণিত করো, দেখো জ্যাভলিন ছুড়ে ৫০ মিটারও নিতে পারে কি না!’পোশাকবড় ভাই ধ্যান চাঁদের মতো কিংবদন্তি হয়তো তিনি নন। তবে ভারতীয় হকির ইতিহাসে আলাদা জায়গা আছে রূপ সিংয়েরও। ইনসাইড-লেফট পজিশনে খেলতেন। ধ্যান চাঁদ, গুরমিত সিং, ডিকি কারদের সঙ্গে রূপ সিংয়ের বোঝাপড়া জাদুমন্ত্রের মতো মুগ্ধ করত দর্শককে। ছিলেন দারুণ বিনয়ী, জীবনে কখনো কোনো আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি দেখাননি। তবে একটা ব্যাপারেই কেবল ভীষণ খুঁতখুঁতে ছিলেন রূপ সিং—পোশাক। শেখ সাদীর সেই বিখ্যাত গল্প তাঁর জানা ছিল কি না, কে জানে। তবে তাঁর দর্শন ছিল, ‘আগে দর্শনদারি, পরে গুণবিচারি।’ সব সময় পরিপাটি হয়ে থাকা চাই।এই পোশাক নিয়েই বেশ একটা গোলমাল বাধালেন ১৯৩২ অলিম্পিকের আগে। লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে দেশ ছাড়বে ভারতীয় হকি দল। আচমকাই রূপ সিং ঘোষণা দিলেন তিনি যাবেন না। সবার তো মাথায় হাত! ভাই ধ্যান চাঁদ অনেক কষ্টে কারণ উদ্ধার করলেন। অলিম্পিকের মতো একটা আসরের জন্য উপযুক্ত পোশাক নেই রূপের, যেতে চাইছেন না এ কারণেই! শুধু তো ছোট ভাই নয়, ব্যাপারটা দেশেরও। তখনই গিয়ে ভাইয়ের জন্য কয়েকটি ‘উপযুক্ত’ পোশাক কিনে আনলেন ধ্যান চাঁদ। এবার খুশিমনেই বিমানে চাপলেন রূপ। পরে স্টিক হাতে মাঠ মাতিয়ে দেশকে এনে দিয়েছিলেন সোনা। আরিফুল ইসলাম