রং বে র ং
ভাগ্যিস!কারও হাতে বন্দুক থাকলেই আপনি তাকে সন্ত্রাসী বলতে পারেন না। লস অ্যাঞ্জেলেসের পুলিশ একবার এক প্রতিযোগীকে সন্ত্রাসীই ঠাওরেছিল। ১৯৩২ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক চলাকালে জঙ্গলের ভেতর বন্দুকসহ জোহান অ্যাক্সেনটিরেনাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু যতই দাবি করেন তিনি আসলে একজন শ্যুটার, সন্ত্রাসী নন; পুলিশ তা আর বিশ্বাস করে না। অবশেষে তারা রাজি হয়, কিন্তু শর্ত বেঁধে দেওয়া হয়, শ্যুটিং রেঞ্জে অ্যাক্সেনটিরেনার সঙ্গে থাকবে পুলিশ। তিনি যে সত্যি সত্যিই শ্যুটার, পুলিশের কাছে সেটি প্রমাণ করার দায় থেকেই হয়তো সোনা জেতেন সুইডিশ অ্যাক্সেনটিরেনা! নিজেদের ভুল বুঝতে পেরে চলে যায় পুলিশ। যাওয়ার আগে পিঠ চাপড়ে দেয় অ্যাক্সেনটিরেনার।প্রথম এবং একমাত্রঅলিম্পিক শান্তির বাণী ছড়িয়ে দেয় বিশ্বমাঝে। তবে ‘শান্তির দূত’ উপমাটিকে ফিলিপ নোয়েল-বেকারের মতো আর কেউই যথাযোগ্য করে তুলতে পারেননি। ১৯২০ অলিম্পিকে ১৫০০ মিটারে সোনাজয়ী এই ব্রিটিশ দৌড়বিদ খেলোয়াড়ি জীবনের অবসান টেনে রাজনীতিবিদ হিসেবে কাজ করেছেন বিশ্বশান্তি প্রতিষ্ঠায়। সেই কাজেরই স্বীকৃতিস্বরূপ ১৯৫৯ সালে শান্তিতে নোবেল জেতেন। নোবেলজয়ী একমাত্র অলিম্পিয়ান তিনি!বন্ধুজীবনে বন্ধু শত্রু হয়ে যায়, শত্রুও বন্ধু হয়ে ওঠে। কিন্তু বব ফন ওসডেল আর ডানকান ম্যাকনিউটন আজীবন বন্ধুই থেকে গেছেন। দুজন দুই দেশের হলেও পড়াশোনা করতেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। হাই জাম্পেও এই দুই বন্ধু বাকি সবার চেয়ে ছিলেন আলাদা।কিন্তু ১৯৩২ সালের অলিম্পিকে গিয়ে দেখা গেল দুই বন্ধু একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন। ফন ওসডেল প্রতিনিধিত্ব করছেন যুক্তরাষ্ট্রের, ম্যাকনিউটন কানাডার। তাতে কী, দুজনার দোস্তিতে এতটুকু দাগ লাগেনি। বরং ১.৯৭ মিটার হাই জাম্পের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার আগে ফন ওসডেল দেখলেন ম্যাকনিউটনের টেকনিকে একটু সমস্যা আছে। সমস্যা বাতলে দিলেন ওসডেল। ফলাফল? ম্যাকনিউটন জিতলেন সোনা, ফন ওসডেল রুপা! বন্ধুতা শেষ হয়নি এখানেই। ১৯৩৩ সালের দিকে ম্যাকনিউটনের সোনার পদকটি হারিয়ে গেল। তখন ফন ওসডেল নিজের রুপার পদকটি গলিয়ে সোনার পাতে মুড়িয়ে পাঠিয়ে দিলেন বন্ধুর কাছে!জিম্বাবুয়ে-চমকআফগানিস্তানে রুশ আগ্রাসনের প্রতিবাদে ১৯৮০ সালের মস্কো অলিম্পিক যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করে অনেকেই। সেবারই প্রথম ঢোকে মেয়েদের হকি। কিন্তু শুরুতেই সেটা ভেস্তে যেতে বসেছিল প্রতিদ্বন্দ্বী দলের অভাবে। প্রতিযোগিতার জন্য কমপক্ষে তিনটি দল লাগে; কিন্তু অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে পর্যন্ত একটাই দল নাম লেখায় এই ইভেন্টে। সেটিও স্বাগতিক সোভিয়েত ইউনিয়ন!দ্বিতীয় দল হিসেবে চেকোস্লোভাকিয়াকে পাওয়া গেল। কিন্তু তৃতীয়টি? অবশেষে এগিয়ে এল জিম্বাবুয়ে। স্রেফ পূরণের দায়ে ৩ নম্বর দল হিসেবে দল পাঠাল আফ্রিকান দেশটি। তা-ও জোড়াতালি দিয়ে খেলোয়াড় সংগ্রহ করে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ায় তড়িঘড়ি করে মস্কোর উদ্দেশে রওনা দিতে হয়েছিল তাদের। কী আশ্চর্য, জিম্বাবুয়ের মেয়েদের সেই দলটিই ফাইনালে চেকদের হারিয়ে দিয়ে জিতে নেয় সোনা!টারজান!জনি ওয়েসমুলারকে মানুষ এমনিতেই আজীবন স্মরণ করত সর্বকালের অন্যতম সেরা সাঁতারু হিসেবে। ১৯২৪ আর ১৯২৮ অলিম্পিকে ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জেতেন তিনি। ওয়াটার পোলোতে জেতেন ব্রোঞ্জ। ৪০০ মিটারে আগের অলিম্পিক রেকর্ডের চেয়ে ২০ সেকেন্ড কম সময় নিয়ে গড়েন নতুন রেকর্ড! সব মিলিয়ে ২৮টি বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন তিনি।কিন্তু মানুষ আসলে তাঁকে চেনে টারজান হিসেবে। রুপালি পর্দার এই কিংবদন্তির চরিত্রে ১৬ বছরে ১২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন ওয়েসমুলার!এক হাতেইক্যারোলি টাকাস কাজ করেন হাঙ্গেরির সেনাবাহিনীতে। ১৯৩৮ সালের কথা। যুদ্ধক্ষেত্রে একটি ত্রুটিপূর্ণ গ্রেনেড ছুড়তে গেলে সেটি একটু আগেই বিস্ফোরিত হয়। ডান হাতটি উড়ে যায় টাকাসের। অথচ তিনি ছিলেন হাঙ্গেরির শ্যুটিং দলের গুরুত্বপূর্ণ সদস্য!অদম্য টাকাস হাসপাতালের দিনগুলো বাঁ হাতেই শ্যুটিং অনুশীলন করে দেখিয়ে দেন ডান হাতের কাজ বাঁ হাতেও হয়! ১৯৩৯ সালে বাঁ হাতে শ্যুটিং করেই জেতেন জাতীয় চ্যাম্পিয়নশিপ। বিশ্বযুদ্ধের কারণে ওই সময় দুটো অলিম্পিক হয়নি। ১৯৪৮ সালে লন্ডনে অনুষ্ঠিত যুদ্ধ-পরবর্তী প্রথম অলিম্পিকে ৩৮ বছর বয়সী টাকাস র্যাপিড-ফায়ার পিস্তল ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনাই জেতেন!শ্যুটার দাদুঅলিম্পিকে দাড়ি-গোঁফওয়ালা বুড়োদের দেখা মেলে গ্যালারিতে। কিন্তু ১৯০৮ সালের অলিম্পিকের শ্যুটিংয়ে অংশ নেওয়া সুইডেনের ওস্কার শোয়ান আসলেই দাদুর বয়সী ছিলেন। এমনকি ৬০ বছর বয়সে তিনি সোনা জেতেন। পরেরবার নিজের দেশের অলিম্পিকে তাঁর বয়স হয় ৬৪ বছর। ওই বয়সেও সিঙ্গেল শটে সোনা জেতেন শোয়ান।এরপর প্রথম বিশ্বযুদ্ধের ঘনঘটায় বাতিল হয়ে যায় পরের আসর। ১৯২০ সালে আবার শুরু হলো অলিম্পিক, ৭২ বছর বয়সী শোয়ান ওই অলিম্পিকেও অংশ নেন। চোখের জ্যোতি যে খুব একটা কমেনি, দলীয় ইভেন্টে রুপা জিতে সেই ক্যারিশমা দেখিয়ে দেন সবচেয়ে বেশি বয়সী এই অলিম্পিক পদকজয়ী।অনুরোধের ঢেঁকি প্রতিযোগিতায় নাম লেখানো আসলে ছিল বন্ধুর অনুরোধে ঢেঁকি গেলা। এই ঢেঁকি গিলেই অলিম্পিক পদক গলায় ঝোলান জন বোল্যান্ড। অথচ তিনি ছিলেন প্রাচীন গ্রিক সভ্যতার একনিষ্ঠ ছাত্র। ইতিহাস ছিল তাঁর নখদর্পণে। কিন্তু ১৮৯৬ সালে গিয়েছিলেন প্রথম আধুনিক অলিম্পিক দেখতে। মনের সুখে ঘুরে বেড়াবেন, দেখবেন প্রাচীন সভ্যতার লীলাভূমি। কিন্তু ভাগ্যবিধাতা বুঝি ইতিহাসটা অন্যভাবে লিখতে চেয়েছিলেন। বন্ধু থ্রাসিভোয়ালস ম্যানাওসের চাপাচাপিতে টেনিসে নাম লেখান শখের টেনিস খেলোয়াড়। কারও কাছ থেকে ধার করে চেয়ে নেওয়া র্যাকেটেই জেতেন সোনা!স্নায়ুযুদ্ধযুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের চরম মুহূর্তে দুটো দল মুখোমুখি হয়েছিল ১৯৭২ মিউনিখ অলিম্পিকের বাস্কেটবল ফাইনালে। ঠান্ডাযুদ্ধের আঁচ লাগে এ ম্যাচেও। লড়াইও হচ্ছিল হাড্ডাহাড্ডি। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, তিন সেকেন্ড বাকি থাকতেই ৫০-৪৯-এর লিড এনে দেন যুক্তরাষ্ট্রের ডিউ কলিন্স। সোভিয়েতরা খেলা শুরু করতে না করতেই রেফারি বাঁশি বাজালে চটে যান রুশ কোচ ভ্লাদিমির কন্দ্রাশকিন।আবারও তিন সেকেন্ড বরাদ্দ, উৎসব ফেলে খেলায় মন দিতে হয় মার্কিনদের। কিন্তু রুশদের একটি ভালো প্রচেষ্টা ব্যর্থ হলে আবারও বাঁশি বাজান রেফারি। এবারও কন্দ্রাশকিন সময়ের গরমিলের দাবি তোলেন। খেলা শুরু হয় আবারও। কিন্তু এবার আর ভুল করেননি আলেক্সান্দর বেলভ। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে তিনি সোভিয়েতের জয় ছিনিয়ে নেন। ‘শোকাহত’ মার্কিনরা এই পরাজয় মেনে নেয়নি। প্রতারিত হয়েছে দাবি তুলে তারা রুপা নিতে অস্বীকৃতি জানায়। এমনকি বয়কট করে পদক বিতরণী অনুষ্ঠানও।লড়াকু১৯২৮ সালের অলিম্পিকে প্রথমবারের মতো মেয়েদের ১০০ মিটার তালিকাভুক্ত হয়। প্রথমবারের চ্যাম্পিয়ন বেটি রবিনসন তিন বছর পর এক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হন। সাত সপ্তাহ অচেতন অবস্থায় পড়ে ছিলেন বিছানায়। একসময় জ্ঞান ফিরলেও ইতিহাসের প্রথম দ্রুততম মানবী হাঁটতেই পারছিলেন না ঠিকমতো। এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন দুটি বছর। সেই রবিনসনই ১৯৩৬ বার্লিন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে ৪–১০০ মিটার রিলেতে অংশ নেন। জেতেন সোনা! রংবেরং গ্রন্থনা: রাজীব হাসান