কুঁড়েঘরের আদলে তৈরি প্রবেশপথ। যেন এক পাড়াগাঁয়ের বাড়ি। মিলনায়তনের ভেতরের পরিবেশটাও গ্রামীণ। খড়ের গন্ধ। মাঝখানে একচালা খেড়োঘর। চারপাশে তাকালে মন ভরে ওঠে। যেমন চোখজুড়ানো রং, তেমনি মনভোলানো সব সামগ্রী। মুখোশ, টেপা পুতুল, পটচিত্র, শিতলপাটি, শতরঞ্জি, বাঁশ-কাঠের তৈজসপত্র আরও কত কী! সারা দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প পণ্যের বৈভবমণ্ডিত সমারোহ। মুগ্ধ দৃষ্টিতে সেসব দেখছিল দর্শক। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে জাদুঘরের উদ্যোগে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের কারুমেলা। বিভিন্ন কারুশিল্প-মাধ্যমে দেশের সাতটি অঞ্চল থেকে ২৪ জন শিল্পী মেলায় অংশ নিয়েছেন।দুপুরে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ কারুশিল্প মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ কাজী কেরামত আলী ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। ধন্যবাদ জানান জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের কিপার জিনাত মাহরুখ বানু।দারুণ সাড়া জাগিয়েছে মেলাটি। প্রথম দিন থেকেই ভিড় জমেছে। শনিবার দুপুরে দেখা গেল দর্শক গভীর আগ্রহে কারুশিল্প-সামগ্রী পরখ করে দেখছে। দরদাম করে কেনাকাটা করছে অনেকে। প্রদর্শনীতে আছে জামদানি, নকশিকাঁথা, সুতার পাখা প্রভৃতি। কিশোরগঞ্জের নতুনপাড়া গ্রামের সুনীল পাল এনেছেন টেপা পুতুল। সুনীল পালের পুতুলে আছে বাংলার পুতুলের ধারাবাহিকতা।নারায়ণগঞ্জের সুচিত্রা সূত্রধর এনেছেন হাতপাখা। উজ্জ্বল রঙের সুতা দিয়ে নানা আকৃতির পাখা তৈরি করেছেন তিনি। পাখার চারদিকে আছে লালসালুর ঝালর। ভেতরে নানা নকশা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা গ্রামের রমিছা বেগমের নকশিকাঁথায় সূক্ষ্ম ও সাবলীল কারুকাজ। চট্টগ্রাম থেকে এসেছে বাঁশশিল্প, বস্ত্রশিল্প ও হোগলাশিল্প। বান্দরবানের শৈলপ্রপাত রুলসিয়াম লুসাই এবং লাইজিং নোয়ামের উজ্জ্বল সুতা ও উল দিয়ে বোনা বস্ত্রগুলো মন কেড়েছে অনেকেরই।রাজশাহীর বসন্তপুর গ্রামের সুশান্ত পাল এনেছেন মুখোশ ও শখের হাঁড়ি। হাঁড়িতে তিনি আঁকছিলেন পেঁচা, হাতি, ঘোড়া, ফুলপাতার নকশা। সুশান্ত পাল জানান, এটাই তাঁদের পারিবারিক পেশা। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীকে জাতীয় জাদুঘর কিংবা এর আশপাশে কারুশিল্পের একটি স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপনের অনুরোধ করেন। মাগুরার শতপাড়ার শংকর কুমার মালাকার শোলার কাজ করেন। তাঁর তৈরি জোড়া টিয়া পাখি, কবুতর, পায়রা নির্মাণশৈলী আর বিচিত্র রঙের ব্যবহারে হয়েছে বড়ই মনলোভা। রঘুনাথের পটচিত্রগুলো কৌতূহলী করেছিল দর্শককে। তিনি এনেছেন গাজীর পট, পঞ্চপাণ্ডব, পার্বতী, লক্ষ্মীসহ নানা লোককাহিনিভিত্তিক পট। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৮ ডিসেম্বর অবধি প্রদর্শনী চলবে।