ঢাকার কোনো পার্কে বেড়াতে গেলে গাছটি দৃষ্টি এড়িয়ে যেতে পারে। কারণ, সারা বছর চোখে পড়ার মতো আকর্ষণীয় কিছুই থাকে না গাছটিতে। ফল এলে তার চিরুনির ফলার মতো খোলসঅলা লালচে রং চোখে পড়ে। তবে উপাদেয় নয় বলে ফলটির বিষয়ে মানুষের উৎসাহ খানিকটা কম। গাছটি দইগোটা বা লটকন (Bixa orellana) নামে পরিচিত। ধারণা, বীজের রং দই রাঙানোর কাজে বেশি ব্যবহূত হতো বলেই এর নাম হয় দইগোটা।তবে শরৎ কিংবা হেমন্তের রৌদ্রোজ্জ্বল দিনে আলো-ঝলমল নীলাকাশের পটভূমিতে এর ফুলগুলো আপনার নজর আর মন দুটোই কাড়বে। বর্ষার শেষভাগ থেকে হেমন্ত পর্যন্ত ঈষৎ গোলাপি রঙের ফুলগুলো ফুটতে থাকে।কেউ কেউ একে জাফরানগাছ বলে ভুল করেন। আদতে জাফরান বেশ দুষ্প্রাপ্য ও দামি। আমাদের দেশে এর চাষ হয় না। আকার-আকৃতিতেও গাছ দুটি একেবারেই আলাদা। লটকন বা দইগোটা নাম হলেও দেশি ফল লটকা বা লটকনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে এ গাছের আরেকটি পরিচয় আছে—এরা রঞ্জক উদ্ভিদ। প্রাচীনকালে মানুষ যে কয়েকটি গাছ থেকে প্রাকৃতিক রং সংগ্রহ করত, দইগোটা তার অন্যতম। রঞ্জক উদ্ভিদ সম্পর্কে খোঁজখবর নিতে গিয়েই প্রথম এ গাছ সম্পর্কে জানা। ঢাকায় রমনা পার্ক, বলধা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনসহ ব্যক্তিগত বাগানেও গাছটি দেখা যায়। এটি ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। ১৭০০ শতাব্দীর দিকে স্প্যানিশদের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। গাছ ছোট, ঝোপালো, চার থেকে পাঁচ মিটার উঁচু ও চিরসবুজ। পাতা বড়, ১০ থেকে ১৮ সেন্টিমিটার লম্বা, গোড়া তাম্বুলাকার, বোঁটা পাঁচ থেকে সাত সেন্টিমিটার লম্বা। প্রস্ফুটনকাল শরৎ থেকে শীতের প্রথম ভাগ অবধি। ফুল প্রায় ১০ সেন্টিমিটার দীর্ঘ মঞ্জরিদণ্ডে গুচ্ছবদ্ধ থাকে, প্রতিটি পাঁচ সেন্টিমিটার চওড়া, একসঙ্গে অল্প কয়েকটি ফোটে। দেখতে গোলাপি, ঈষৎ বেগুনি বা সাদাটে। পাপড়ির মাঝখানে হলুদ-সোনালি রঙের একগুচ্ছ পুংকেশর থাকে। ফল তিন থেকে পাঁচ সেন্টিমিটার চওড়া, লালচে বাদামি, নরম কাঁটায় ভরা। বীজ তিন সেন্টিমিটার চওড়া, লাল শাঁসে জড়ানো। এ বীজ থেকেই পাওয়া যায় প্রাকৃতিক রং। কৃত্রিম রঙের জায়গায় প্রাকৃতিক রং ফিরে আসুক, অন্তত খাদ্যসামগ্রীতে ব্যবহারের ক্ষেত্রে।