রংচটা যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৩৩টি জব্দ
বিশ্বকাপ উপলক্ষে রাজধানীর ভেতরে চলাচল করা রংচটা এবং ফিটনেসবিহীন পুরোনো যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশ, জেলা প্রশাসন ও বিআরটিএ এসব অভিযান পরিচালনা করছে। এ সময় ৩৩টি যানবাহন জব্দ করা হয়। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, পুলিশের ট্রাফিক বিভাগ গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রংচটা ও ফিটনেসবিহীন ৪২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে ফিটনেস সনদ না থাকায় ২০টি যান জব্দ করেছে পুলিশ।ঢাকার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে রাজধানীতে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত ১৩টি রংচটা ও ফিটনেসবিহীন বাস-মিনিবাস জব্দ করে। যানবাহন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় ৬৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় ৬৫ হাজার ৩০০ টাকা।সরেজমিনে দেখা যায়, ঢাকা মেট্রো ব-১১-৩১৫৭ নিবন্ধন নম্বরের বাসের পুরো গাজুড়ে রয়েছে আঁচড়ের দাগ। কোনো কোনো আঁচড় এত গভীর যে দেখে মনে হয়, লোহার রড দিয়ে পেটানো হয়েছে। রংও উঠে গেছে। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালত এর কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখেন, ফিটনেস সনদও নেই। অনিক পরিবহনের ওই বাসটি জব্দ করে রাজারবাগ পুলিশ লাইনে পাঠিয়ে দেন আদালত। রংচটা ফিটনেসবিহীন বাস রাস্তায় চালানোর দায়ে এক হাজার টাকা জরিমানাও করা হয়।রাজধানীতে চলাচলকারী বাস মালিকদের সংগঠন এবিসির (অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ) সভাপতি খোন্দকার রফিকুল হোসেন দাবি করেন, সরকার যে সময় দিয়েছে তাতে সব বাস রং করা সম্ভব হয়নি। যেসব স্থানে বাস রং করা হয়, সেগুলোতে ভিড় জমেছে।মোটরযান আইন, ১৯৮৩ অনুযায়ী, রাস্তায় চলাচলকারী যানবাহনের গায়ে আঁচড় থাকতে পারবে না, রংচটা হতে পারবে না এবং যান্ত্রিক ত্রুটিমুক্ত থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে ওই যানবাহনকে ফিটনেসবিহীন হিসেবে গণ্য করা হবে এবং এসব ত্রুটি সারিয়ে বিআরটিএ থেকে সনদ নিয়ে রাস্তায় নামাতে হবে।ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের কাছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রংচটা ও আঁচড়ের কারণে বাসগুলোকে উদ্ভট দেখায়। বিশ্বকাপের মতো বড় আয়োজনে এ ধরনের বাস রাস্তায় চললে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। অভিযানে এসব বাস জব্দ করা হচ্ছে।বিআরটিএর হিসাব অনুযায়ী, রাজধানীতে প্রায় ৮০ হাজার বাস-মিনিবাস, অটোরিকশা, হিউম্যান হলার, কার ফিটনেসবিহীন। এসব ফিটনেসবিহীন যানবাহনের একটি তালিকাও ঢাকা মহানগর পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি আন্তমন্ত্রণালয় সভায় সরকার বিশ্বকাপ উপলক্ষে রাজধানীতে রংচটা ফিটনেসবিহীন যানবাহন না চলতে দেওয়ার সিদ্ধান্ত নেয়।এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হওয়ায় গতকাল রাজধানীর অনেক স্থানে বাসসংকট দেখা দেয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে অনেক বাস রাস্তায় নামেনি। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হয়েছে। নিউমার্কেট এলাকায় গতকাল বিকেলে রুবিনা সিদ্দিকী জানান, মহাখালী যাওয়ার জন্য তিনি এক ঘণ্টা বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। রংচটা যানবাহন একেবারে চলতে দেওয়া হবে না।