রংদার বিকেলে বুড়িগঙ্গার তীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে দাঁড়ালে দৃশ্যপট সেই আগেরই মতো। নদীর স্বচ্ছ টলটলে স্রোতোধারা বয়ে চলেছে অবিরাম। ওপারে যত দূর চোখ যায়, ধানখেতের অবিশ্রাম সবুজ ঢেউ মন জুড়িয়ে দেয়। খটকা লাগে কেবল নদীর বুকে নানা কিসিমের নৌকার অত্যধিক আগমন দেখে। সে খটকা দূর করতে হলে নদীর দিকে পেছন ফিরে পারের দিকে তাকাতে হয়। গত দু-তিন দিনে ভোজবাজির মতো বদলে গেছে বুড়িগঙ্গার পার। বাংলার নতুন সুবাদার আলিশান বহর নিয়ে ঢাকায় তশরিফ রেখেছেন। তাঁর পাইক, বরকন্দাজ, মাহুত ও ঘোড়সওয়ারেরা বুড়িগঙ্গার চিরাচরিত রং ও বাহার একেবারে পাল্টে দিয়েছেন। দিল্লির একটি মহল্লা যেন জাদুবলে ঢাকার বুকে এসে নেমেছে।কাল বুড়িগঙ্গার মোহনায় পৌঁছানোর আগেই এর পাল্টে যাওয়া রূপটি চোখে এসে লাগে। পারে যাওয়ার পথেই অভূতপূর্ব দৃশ্য। নীল আচকানপরা উমর নামের একজন মাহুত সাত-আটটি হাতির দেখাশোনা করছিলেন। হাতিগুলো নাকি বেশ কিছুদিন ধরে অভুক্ত। তিনি হাতিগুলির জন্য কলাগাছ কেটে এনে স্তূপ করে রেখেছেন। হাতিগুলি খাচ্ছিলও গোগ্রাসে। তিনটি হাতির পিঠ থেকে তখনো হাওদা খোলা হয়নি। কলাগাছ খেতে গিয়ে তারা যারপরনাই পেরেশান ও জেরবার। এত হাতি একসঙ্গে দেখে বাচ্চা থেকে জোয়ান মরদেরা এলাহি ভিড় জমিয়েছে। অনেকে বেজায় হুল্লোড় করছিল। হাতির লেজ ধরে টানার চেষ্টা করছিল কয়েকটি ফাজিল কিশোর। ওদের সামলাতে গিয়ে মাহুত বেচারার পসিনা বেরিয়ে যাওয়ার জোগাড়। বস্তুত, পিলখানার জায়গা নির্ধারিত হয়নি বলে ঢাকা নগরীর আনাচে-কানাচে এখন হাতি ঘুরে বেড়াচ্ছে। আর এই আজব জানোয়ারগুলির পেছনে জমায়েত করছে ছেলেছোকরার দল।পারে যেতেই দেখা গেল একেবারে দিল্লির চকের মতো বাজার বসেছে। সে এক রংদার বাজার। এখানে-সেখানে ঘুরছে হাতি আর ঘোড়া। ঘোড়াগুলি দেখতেও আলিশান। ঢাকাই ঘোড়ার মতো গাধা কিসিমের নয়। রেকাব পরানো ঘোড়াগুলি দেখে মনে হচ্ছিল, এখনই যেন তারা জঙ্গে নামবে। লাল টকটকে রেশমের পাগড়ি প্যাঁচানো ঘোড়াটি দেখিয়ে সহিস বললেন, সেটি তুর্কির সম্রাট উপঢৌকন পাঠিয়েছিলেন মোগল শাহানশাহেক। ঘোড়াটি মহা ত্যাঁদড়, কিন্তু জঙ্গে বেপরোয়া। শাহানশাহ্ এর নাম রেখেছেন চুলবুল। বাংলায় যাত্রা করার আগে শাহানশাহ্ সেটি নতুন সুবাদারকে উপহার দিয়েছেন।যাত্রাপথে অনেক সময় গেছে বলে সুবাদারের বহরে আনাজপাতি, গোশত, মসলার আক্রা দেখা দিয়েছে। সেই সুবাদে সওদাপাতি নিয়ে নদীর পারে রোজগারের ধান্দায় জমায়েত হয়েছে দূরদূরান্ত থেকে আসা অজস্র মানুষ। ধুতি ও লুঙ্গিপরা বিক্রেতাদের ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করছিলেন বাজার করতে আসা চোগা-চাপকানপরা দিল্লিওয়ালারা। দিল্লি আর বাংলা, আশরাফ আর আতরাফ মিলেমিশে একাকার।নদীর পারেই জবাই করে দুটি চেকনাইওয়ালা তাগড়াই গরু ফেলে রেখেছিলেন মানু মিঞা। তিনি জানালেন, চাষের কাজেই গরুগুলিকে তিনি কাজে লাগাতেন। কিন্তু বিকিকিনির এমন মওকা তো আর ঘড়ি ঘড়ি আসবে না। তাই চটজলদি এখানে আসা। দু-চার পয়সা আজ যা আসবে, তা দিয়ে পরে তিনটি গরু কেনা যাবে বলে তিনি আশা করছেন।প্রচণ্ড ভিড় দেখা গেল জিরোবা থেকে আসা পাঁচু রায়ের চাঙাড়ির সামনে। তিনি এনেছেন ১৬ সের ওজনের একটি রোহিত মাছ। কী নসিব, আজকে ফজরের ওয়াক্তেই নাকি জাল ফেলে ধরেছেন তুরাগ নদী থেকে। বহরের বাবুর্চি নওশাদ তাঁর সঙ্গে মুলামুলি করছিলেন। কিন্তু পাঁচু পাঁচসিকা দর হেঁকে বসে আছেন। নওশাদ বললেন, ‘এ তো দেখি দিল্লিও কাত। সবকিছুর এত দরে তো ফতুর হওয়ার জোগাড়।’এক পাশে কয়েকজন জোলা বসেছিলেন বস্ত্র নিয়েও। দিল্লিওয়ালারা তাঁদের জেনানাদের জন্য পাল্লা দিয়ে কিনছিলেন হরেক রং ও নকশার কাপড়। দু-একজন অবশ্য বললেন, দর একটু বেশি। কয়েকটা দিন যাক, দর খানিকটা পড়লে একই দরে ঢাকার উত্কৃষ্ট কাপড়ই কেনা যাবে।বাংলার ওপর দিয়ে বয়ে যাওয়া খুশবুদার মোগলাই হাওয়ায় বুড়িগঙ্গার পার যেন এক লহমায় নতুন জেল্লা ধারণ করেছে। এক নতুন যুগের প্রতীক হিসেবে বহুদূরে দেখা যাচ্ছে নতুন সুবাদারের শাহি বজরার গলুই। সেই বজরার ভেতরে নকশা করা হচ্ছে ভবিষ্যত্ ঢাকার আদল। আর এর বাইরে সোনালি-রুপালি মিনা করা ধাতব গলুই জ্বলজ্বল করছে সূর্যের চোখ ধাঁধানো রোশনাইয়ে।