সাত রঙে রাঙা রংধনু। ৮ এপ্রিল আকাশ থেকে নেমে এসেছিল খুলনা জিলা স্কুলের মাঠে। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসেছিল ওরা। পোশাক ছিল নানা রংয়ের, যা দেখে মনে হচ্ছিল, বুঝি রংধনু নেমে এল সবুজ মাঠে। সাড়ে নয়টায় হয় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন। জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন যথাক্রমে খুলনার ভাষাসৈনিক সমীর আহমেদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অমৃতলাল বালা। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার। তিনি তাঁর বক্তব্যে মায়ের ভাষাকে যথাযথ সম্মান ও চর্চা করার প্রতি গুরুত্ব দেন।প্রশ্নোত্তর পর্বে মঞ্চে আসেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। তিনি মুক্তিযুদ্ধে খুলনার চূকনগরে গণহত্যার ইতিহাস শোনান। সঞ্চালনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক তারিক মনজুর। ভাষা প্রতিযোগের এ বছরের সমন্বয়ক তিনি। প্রথমেই অরিন্দম রায় জানতে চায়, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি কেন করা হলো? উত্তর দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক মোহাম্মদ আজম। তিনি বলেন, ‘আমাদের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির অনেক কিছু প্রতিফলিত হয়েছে কাজী নজরুল ইসলামের লেখায়।’ মালিহা জানতে চাইল, ফেসবুকের বাংলা কী? ‘আনন বই,’ উত্তর দিলেন সঞ্চালক স্বয়ং।একজন শিক্ষার্থী জানতে চাইল, আমাদের ভাষার সঙ্গে চীনা ও জাপানি ভাষার কোনো মিল নেই কেন? উত্তর দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক রাজিব মণ্ডল। ভাষাবিনিময় অনেক কারণে হয়। ঔপনিবেশিক ও ব্যবসায়িক কারণ এর মধ্যে অন্যতম। চীন ও জাপানের সঙ্গে আমাদের এ রকম সম্পর্ক হয়নি। এ কারণে মিল কম। রাকিবুল ইসলাম জানতে চাইল, খুলনা ও বরিশাল পাশাপাশি হওয়ার পরও ভাষা আলাদা কেন?উত্তর দিলেন সরকারি বি এল কলেজের শিক্ষক শংকর কুমার মল্লিক। আলাদা অঞ্চল হওয়ায় আলাদা ভাষা হয়েছে। ভাষার বৈশিষ্ট্য হলো, কিছুদূর পরপর তার রূপ পাল্টে যায়। সাজেদ শাহরিয়ারের প্রশ্ন ছিল, ইংরেজ হয়েও নাথানিয়েল ব্রাসে হ্যালহেড বাংলা ব্যাকরণ কেন লিখলেন? সরকারি দেবেন্দ্র কলেজের প্রভাষক কুদরত-ই-খুদা বলেন, ‘তিনি বাংলা শিখেছেন, তারপর লিখেছেন। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়।’ প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে চলে বক্তব্য। এ পর্যায়ে ভাষাসংগ্রামী সমীর আহমেদ ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও সে সময় খুলনার তরুণ সমাজের ত্যাগের কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা জানতে চাইল, বাঙালির চর্যাপদ নেপালের রাজদরবারে পাওয়া গেল কেন? বিদেশি শব্দের অনুপ্রবেশ ঘটলে কি ভাষার সৌন্দর্য ও অলংকার নষ্ট হয়ে যায়? মধ্যযুগের কবি আলাওল কোন ছন্দে কবিতা লিখতেন? মুষলধারে বৃষ্টি বলতে ক্যাটস অ্যান্ড ডগস বলা হয় কেন? বৃষ্টির সাথে বিড়াল-কুকুরের কী সম্পর্ক? ইঁদুর কপালে বলি কেন? ইঁদুর কি কখনো কপালে থাকে? ক্ষুদিরাম তো সন্ত্রাসী ছিলেন না। তাহলে আমাদের পাঠ্য বইয়ে ক্ষুদিরামকে কেন সন্ত্রাসী বলা হয়েছে? প্রশ্নের পর প্রশ্ন চলতেই থাকে। শিক্ষার্থীদের অতৃপ্ত রেখেই ইতি টানতে হয় এ পর্ব। সাংস্কৃতিক পর্বে খুলনা বন্ধুসভার সদস্য মনোজ দাস শোনান বাঁশি। ক্লোজআপ ওয়ান শিল্পী পুলক চারটি গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। পরে খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সরকারের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন ভাষা প্রতিযোগ সমন্বয়কারী তারিক মনজুর। ২৫ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় শুরু হয়েছিল এ বছরের ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্ব, শেষ হলো খুলনায়। রবীন্দ্রনাথ থেকে বলতে হয়, নিরাভরণ এই আয়োজন যেন শেষ হয়েও হইল না শেষ।