রংপুর, জয়পুরহাট ও বগুড়ায় ঝড়ে পাঁচজন নিহত
‘মোর সংসারোত এলা কায় রোজগার করি খিলাইবে। মুই এলা কার কাছোত হাত পাতিম। একনা বেটি (মেয়ে) এলাও বিয়া দিবার পারোও নাই।’ গত মঙ্গলবার দিবাগত রাতে প্রচণ্ড কালবৈশাখীর সময় বজ্রপাতে নিহত হন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পূর্ব রাজীব গ্রামের দিনমজুর মোজাফফর হোসেন (৬৫)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী মোর্শেদা বেগম কাঁদতে কাঁদতে ওই কথা বলেন। একই বজ্রপাতে আহত হন মোর্শেদাও। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।মঙ্গলবার রাতে দুই দফা কালবৈশাখীতে ঘরচাপা, বজ্রপাত ও ছাদ থেকে পড়ে রংপুর, জয়পুরহাট ও বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোজাফফরসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। ঝড়ে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া ও শেরপুরে সহস্রাধিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালা ভেঙে পড়েছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় ও তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান, পাট, ভুট্টা, কলা ও আমবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।নিহত অন্য ব্যক্তিরা হলেন হবিগঞ্জের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন (৩৩), রংপুরের কাউনিয়ার বেইলি সেতু এলাকার আহসান হাবিব (৪২), জয়পুরহাটের জেলা যুবদলের সাবেক সভাপতি মীর মনোয়ার হোসেন (৫১) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া গ্রামের শাহজাহান আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৩২)। তাঁদের মধ্যে ঘর চাপা পড়ে আমির ও আহসানের মৃত্যু হয়। ঝড়ে গাছ উপড়ে ঘরের ওপর পড়ায় মৃত্যু হয় মনোয়ারার। এতে তাঁর মেয়ে রত্না খাতুন (১২) আহত হয়।এএসআই আমির দুই সপ্তাহ আগে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ৪২ দিনের প্রশিক্ষণ নিতে এসেছিলেন। আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।রংপুর: রাত দেড়টার দিকে রংপুর শহর, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জসহ আট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১৫ হাজার ঘরবাড়ি ও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ঝড়ে পাঁচ শতাধিক হেক্টর জমির ধান, ভুট্টা ও কলাখেতের ক্ষতি হয়েছে। উপড়ে গেছে সহস্রাধিক গাছ। আধা ঘণ্টাব্যাপী ঝড়ে বিদ্যুতের অনেক খুঁটি উপড়ে পড়ায় বুধবার সন্ধ্যা পর্যন্ত পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভা, উলিপুরসহ নয়টি উপজেলার ৫০টি ইউনিয়নের পাঁচ শতাধিক গ্রামের প্রায় ২০ হাজার বাড়িঘর, প্রায় দুই হাজার হেক্টর ফসলের খেত ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে ২০ জন। ঝড়ে শতাধিক বৈদ্যুতিক টাওয়ার ও খুঁটি বিধ্বস্ত এবং বিদ্যুতের তার ছিন্নভিন্ন হয়ে যায়। দুই দিন ধরে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী চেয়ে গতকাল বৃহস্পতিবার জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।জয়পুরহাট: মঙ্গলবার রাত দেড়টার দিকে ঝড়ের মধ্যে বাড়ির ছাদের ওপরে মুরগির খামার দেখতে গিয়ে ছাদের কার্নিশে দাঁড়ানো অবস্থায় ঝড়ের সময় পড়ে যান জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মীর মনোয়ার হোসেন। দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঝড়ে জেলার বিভিন্ন গ্রামে ভুট্টা, আম ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। নীলফামারী: ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে পড়ায় জেলা শহরে ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঝড়ে অসংখ্য বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত ও গাছপালা ভেঙে উপড়ে পড়েছে। এ ছাড়া ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ে সৈয়দপুর উপজেলার পাঁচ হাজার ৫০টি ঘরবাড়ি ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত এবং ১০ হাজার গাছ উপড়ে গেছে। এদিকে সৈয়দপুর পৌরসভার কাজীহাট মহল্লায় মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ের আতঙ্কে আনোয়ারা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সৈয়দপুরে ঘরচাপা পড়ে আহত হয়েছে শতাধিক ব্যক্তি।দিনাজপুর: মঙ্গলবার রাত পৌনে একটা থেকে একটা ২০ মিনিট পর্যন্ত জেলার ওপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। দিনাজপুর সদর ছাড়াও কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ঝড়ের তীব্রতা বেশি ছিল। প্রবল ঝড়ে জেলার অন্তত ৩০টিরও বেশি অটো রাইস এবং মেজর রাইস মিলের উঁচুু চিমনি ও স্থাপনা উড়ে গেছে। ঝড়ে ৩৬ হাজার হেক্টর ভুট্টা খেতের অন্তত সাড়ে চার হাজার হেক্টর জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়েছে। আম, লিচু, নিমসহ বিভিন্ন ধরনের শত শত গাছ বিধ্বস্ত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শামসুল আলম জানান, জেলার প্রতিটি উপজেলাতেই কল-কারখানা, ঘরবাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।শেরপুর: বুধবার দিবাগত রাত পৌনে দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত শেরপুর সদর উপজেলার ওপর দিয়ে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার চরশেরপুর ও পাকুরিয়া ইউনিয়ন এবং শেরপুর পৌর এলাকার শতাধিক একর জমির উঠতি পাকা বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে অনেক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রংপুর ও কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক, রংপুরের বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর, নীলফামারী ও সৈয়দপুর, জয়পুরহাট ও কালাই, বগুড়ার শিবগঞ্জ, দিনাজপুর ও পার্বতীপুর এবং শেরপুর প্রতিনিধি