রংপুর ও ভোলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
রংপুর ও ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার এক ছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে।রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার জামতলী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।রংপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আনছার আলী জানান, কুষ্টিয়া থেকে বনভোজনের একটি বাস রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে পরীগঞ্জ উপজেলার জামতলী এলাকায় এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সাইকেল আরোহী হোসেন আলী (৩০) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তবে তাঁদের নাম জানা যায়নি।ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ বাজার এলাকায় ট্রাকচাপায় সপ্তম শ্রেণীর ছাত্র সালাউদ্দিন (১৪) ঘটনাস্থলেই মারা যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ট্রাক ড্রাইভার মো. জামালকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক জানান, বেপরোয়া গতির ট্রাকটি সালাউদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।