রংপুর ও রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন।অন্যদিকে রাজশাহীর মতিহার থানায় চৌদ্দপাই এলাকায় হিউম্যান হলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুজন। আজ মঙ্গলবার সকালে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।রংপুরে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাসচালক জামাল (৪০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে। আর অন্যজন হলেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আঞ্জুমান আরা (১৮)।রাজশাহীতে নিহত ব্যক্তিরা হলেন মতিহার থানার দালালপাড়ার আবদুল আওয়াল এবং মিরকামারি এলাকার কামাল হোসেন।রংপুর: রংপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসার আলী জানান, অনিক পরিবহনের নৈশ কোচটি ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল, আর আলুবোঝাই ট্রাকটি রংপুর থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে এদের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ তিনজন ঘটনাস্থলে এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যায়।রাজশাহী: মতিহার থানার চৌদ্দপাই এলাকায় সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হিউম্যান হলারটি রাজশাহী থেকে পুঠিয়ার বানেশ্বরে যাচ্ছিল। এ দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।