রংপুরে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা বাতিলের দাবিতে আজ বুধবার চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কর্মকর্তাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিপেটায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।জানা গেছে, আজ দুপুর ১২টায় কয়েক হাজার ক্ষুব্ধ চাকরিপ্রার্থী ও অভিভাবক জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে যান। এ সময় কার্যালয়ের প্রধান ফটকে পুলিশি বাধা অতিক্রম করে তাঁরা কার্যালয় চত্বরে প্রবেশ করে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।বেলা দুইটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করা হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।জানা যায়, গত শুক্রবার জেলা প্রশাসন কার্যালয়ে ৮৪টি পদে ৮৪ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশ নেন। আজ এই লিখিত পরীক্ষার ফলাফল ৪২৫ জনের একটি তালিকা প্রকাশ করা হয়।পরে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। বিক্ষোভকারীরা জাতীয় পার্টির নামে স্লোগান দেন।বিক্ষোভকারীদের মধ্যে জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সামসুল হক বলেন, লিখিত পরীক্ষায় স্বজনপ্রীতি করে কর্তৃপক্ষের নিজস্ব লোকজনকে উত্তীর্ণ করা হয়েছে।রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জাতীয় পার্টির সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার অভিযোগ করে বলেন, এই পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে বলেই এলাকার চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করছেন।এই বিক্ষোভ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, এই আন্দোলনের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পরীক্ষা নিয়োগ কমিটির প্রধান মাসুদ করিম সাংবাদিকদের জানান, কর্মচারী নিয়োগের পরীক্ষা লিখিতভাবে নেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।