রংপুর প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর প্রেসক্লাব এলাকায় একই সময় দুই পক্ষ সমাবেশ ডাকায় গোলযোগের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত্ থাকবে। পুলিশ সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী গণমঞ্চ ও নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগের একাংশ আজ বেলা ১১টায় প্রেসক্লাব এলাকায় সমাবেশ আহ্বান করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল বুধবার রাতে প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। এ কারণে আজ সেখানে কোন পক্ষ সমাবেশ করতে পারেনি। এদিকে নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে একাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করেছেন। সমাবেশে শিক্ষকদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে করা মামলা ও গ্রেপ্তার হওয়া তিন ছাত্রলীগ কর্মীর মুক্তির দাবি জানান বক্তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেওয়ারও দাবি জানান তাঁরা। দুর্নীতিবিরোধী গণমঞ্চ সমাবেশ করতে না পারায় এ সংগঠনের পক্ষ থেকে গণিত বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর রহমান বলেন, এভাবে আন্দোলন বন্ধ করা যাবে না। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন। গত ১০ জানুয়ারি ছাত্রলীগের সমর্থনে বহিরাগতরা হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ আহত হন।