রংপুর বিভাগের সব জেলায় ন্যাশনাল সার্ভিস চালুর সিদ্ধান্ত
সরকার ২০১১-১২ অর্থবছরে রংপুর বিভাগের সব জেলায় ন্যাশনাল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, তবে সম্পদের সীমাবদ্ধতা ও সার্বিক ব্যবস্থাপনা দুরূহ হওয়ার কারণে শুরুতেই ওই বিভাগের সব জেলার প্রতিটি উপজেলায় সার্ভিস চালু না হয়ে পর্যায়ক্রমে হতে পারে।আগামী অর্থবছর থেকে রংপুর বিভাগে এই কর্মসূচি চালুর জন্য সেখানে একটি জরিপ চালানো হয়েছে। তাতে দেখা গেছে, ওই বিভাগে শিক্ষিত বেকারের সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার ১ দশমিক ৭ শতাংশ। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় তাঁদের সবার জন্য কাজের ব্যবস্থা করতে সরকারের বছরে এক হাজার ১৬৫ কোটি দরকার। আর ওই বিভাগের প্রতিটি জেলার একটি করে উপজেলায় ন্যাশনাল সার্ভিস চালু করলে বছরে প্রয়োজন হবে ১৩০ কোটি টাকা। এর মধ্যে ২৬ কোটি টাকা লাগবে প্রশিক্ষণে এবং ১২৪ কোটি লাগবে বেতন-ভাতায়। প্রতি জেলার দুটি করে উপজেলায় ওই কর্মসূচি চালু করলে বার্ষিক ব্যয় ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।সরকারি সূত্র জানায়, এই অবস্থায় সম্পদের প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে, আগামী অর্থবছর রংপুর বিভাগের কতটি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হবে। উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস চালু করে দেশের শিক্ষিত (এইচএসসি পাস) বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। আর্থ-সামাজিক বিবেচনায় অপেক্ষাকৃত কম অগ্রসর এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এর অংশ হিসেবে ইতিমধ্যেই দেশের দক্ষিণের বরগুনা, উত্তরের কুড়িগ্রাম ও মধ্যাঞ্চলের গোপালগঞ্জ জেলায় এই কর্মসূচি চালু করা হয়েছে।ওই তিন জেলায় সাত লাখ যুবক ও যুব মহিলাকে এই সার্ভিসের আওতায় নেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকে দুই বছর করে কাজের সুযোগ পাবেন। কর্মসংস্থানের আগে তাঁদের ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়গুলো হলো: কম্পিউটার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শারীরিক শিক্ষা, কৃষি-বন ও পরিবেশ, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা এবং ইউনিয়ন ও উপজেলা পরিষদের সেবা কার্যক্রম।