রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের অনির্দিষ্টকালের ধর্মঘট
রংপুর মেডিকেল কলেজে (রামেক) ছাত্রলীগের দুজন নেতার ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সংগঠনটি। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন।এর আগে আজ ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তদের হামলায় রামেক শাখা ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান গুরুতর আহত হন। হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করে।উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় একাডেমিক কাউন্সিলের সভা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সঞ্জয় সরকার জানান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রউফের অপসারণ, ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন এবং হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক অ্যাসোসিয়েশন ছাত্রলীগের দাবির প্রতি সংহতি জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ ইয়াজদানী সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এ সংহতি জানান।প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানিয়েছে, আশফাকুল ও সোহাগ ডাক্তার মুক্তা ছাত্রাবাসের ৪৫ নম্বর কক্ষের দরজা খোলা রেখে ঘুমাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কক্ষে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। এতে আশফাকুল পিঠে ও সোহাগ হাতে গুরুতর আঘাত পান। এ সময় তাঁদের চিত্কারে ছাত্রাবাসের অন্য ছাত্ররা ছুটে এলে মুখোশ পরা দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে তাঁরা উভয়েই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।আশফাকুল জানান, আগামী বুধবার কলেজে ছাত্রদলের একটি কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রলীগের আপত্তির কারণে কলেজের অধ্যক্ষ কনসার্টের অনুমতি বাতিল করে দেন। এরপর থেকে তাঁকে বেনামে ভয়-ভীতির হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা এখন ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, ‘কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, সে জন্য আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’কলেজের উপাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবিলায় একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে কলেজের শিক্ষার্থীসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অধ্যক্ষ আবদুর রউফ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় কনসার্টের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।