রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ধর্মঘট
রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। ছাত্রাবাসে কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।আহত নেতারা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইন।সংগঠনের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা ধর্মঘটের ঘোষণা দেন। তাঁরা অধ্যক্ষের অপসারণ, ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন এবং ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার বলেন, ছাত্রলীগের নেতা আশফাকুল ও সোহাগ ডা. মুক্তা ছাত্রাবাসের ৪৫ নম্বর কক্ষে দরজা খোলা রেখে ঘুমাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত ওই কক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁদের ওপর হামলা চালায়। তারা আশফাকুলের পিঠে ও সোহাগের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের কক্ষ থেকে শিক্ষার্থীরা ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত দুই নেতাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।কলেজে একটি কনসার্ট আয়োজনের অনুমোদন এবং পরে তা বাতিল করা নিয়ে এই হামলা হতে পারে বলে ছাত্রলীগের নেতারা ধারণা করছেন। সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতা-কর্মীরা কলেজে ধর্মঘট ও ছাত্রলীগের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।আহত ছাত্রলীগের নেতা আশফাকুল হক প্রথম আলোকে বলেন, ‘ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে কারা যেন আঘাত করে। চিৎকার দেওয়ার পর দেখি, মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন পালিয়ে যাচ্ছে।’উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুরে অধ্যক্ষের কক্ষে কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। অধ্যক্ষ মো. আবদুর রউফ বলেন, ‘আমার বিরুদ্ধে ছাত্রদের অভিযোগ আনার কোনো যৌক্তিক কারণ নেই।’কলেজের উপাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম বলেন, পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে জন্য ছাত্রদের সঙ্গে বৈঠক করা হবে।