রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিত্সকের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপন, চিকিত্সকের নিরাপত্তা বিধানসহ ১০ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ইন্টার্নি চিকিত্সককে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুর থেকে তাঁরা এ ধর্মঘট শুরু করেছে।এদিকে ইন্টার্ন চিকিত্সক লাঞ্ছিতের ঘটনায় আজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানা যায়, গত শনিবার হাসপাতালের ১৫ নম্বর সার্জিকেল ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিত্সক আল আমিনকে চিকিত্সাধীন এক রোগীর স্বজন লাঞ্ছিত করেন।এ ব্যাপারে ইন্টার্নি চিকিত্সক পরিষদের পক্ষ থেকে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে চিকিত্সকেরা অভিযোগ করেন। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে আজ ইন্টার্নি চিকিত্সক পরিষদ বৈঠক করে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হওয়ায় ইন্টার্ন চিকিত্সকেরা আজ বেলা আড়াইটা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।লাঞ্ছিত চিকিত্সক আল আমিন বলেন, ঘটনার দিন ওয়ার্ডে কর্তব্যরত অবস্থায় চিকিত্সাধীন এক রোগীর স্বজন এইচ এম মোর্শেদ নামের এক ব্যক্তি চিকিত্সার অনিয়মের অভিযোগে ধাক্কাধাক্কি করে লাঞ্ছিত করেন। এরপর বিভিন্ন সময় মুঠোফোনে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।ইন্টার্নি চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বলেন, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চিকিত্সকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘এমন উদ্ভূত পরিস্থিত নিয়ে ইন্টার্নি চিকিত্সক পরিষদের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও তাঁরা (ইন্টার্নি) তাঁদের দাবিতে অটল ছিলেন। এ ছাড়া সঙ্গে সঙ্গে কোনো কিছু করা সম্ভব নয়। পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আজ বুধবার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এর পরও তাঁরা যদি ধর্মঘট আহ্বান করেন, তাহলে কী করার আছে।’