রংপুর মেডিকেলে ত্রিমুখী সংঘর্ষে সাংসদসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতা-কর্মী, হাসপাতালের চিকিত্সক-কর্মচারী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ও সাত সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি ১৮১ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাংসদ আসিফ নিয়োগে কোটা দাবি করে আসছিলেন। এ দাবিতে আজ সাংসদের নেতৃত্বে বেলা একটার দিকে ট্রাকে করে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হাসপাতাল ঘেরাও করতে আসে। শুরুতে তারা হাসপাতালের প্রধান ফটকে থাকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রথম আলোর ফটোসাংবাদিক মইনুল ইসলাম, দেশ টিভির সাংবাদিক আবু আসলাম, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান জনিসহ সাত সাংবাদিক আহত হন। পরে পুলিশের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে হাসপাতালে সহস্রাধিক চিকিত্সক ও কর্মচারী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপর কর্মচারীরা সাংসদকে মারধর করতে শুরু করে। পরে পুলিশ এসে সাংসদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘আমরা আগে থেকে খবর পেয়ে হাসপাতাল এলাকায় অবস্থান করি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’