রংপুর মেডিকেলের ওষুধ চুরি, গ্রেপ্তার ১
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার কাছের একটি বাড়ি থেকে আজ শুক্রবার ভোরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। চোরাই ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বাড়ির মালিক আবদুর রহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ সেখান থেকে ৩০ রকমের সরকারি ওষুধ উদ্ধার করেছে। ওষুধের প্যাকেটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিলমোহর রয়েছে।গ্রেপ্তারকৃত আবদুর রহিম কোতোয়ালি থানায় সাংবাদিকদের জানান, সেখানকার কয়েকজন নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারী হাসপাতাল থেকে ওষুধ চুরি করে। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে এই চোরাই ব্যবসা চলে আসছে। এসব ওষুধ তিনি বিভিন্ন ক্লিনিক ও গ্রামের ওষুধের দোকানে বিক্রি করে থাকেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা নূরে আলম জানান, সরকারি এই ওষুধ চুরির সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রত্যক্ষভাবে জড়িত। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।