রংপুর শহরে বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন!
রংপুর পৌর এলাকার অনেক পাড়া-মহল্লায় বছরের পর বছর ধরে বিদ্যুতের খুঁটি বসানো হয়নি। ফলে এসব স্থানের অধিবাসীরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে খুঁটির কাজ করছেন। আর এই বাঁশ দিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার ফলে এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সরেজমিনে জানা গেছে, শহরের ভগী, বালাপাড়া, লাকীপাড়া, সাতগাড়া, রামপুরা, দক্ষিণ খলিফাপাড়া, পার্বতীপুর, সতরঞ্জিপাড়া, মহাদেবপুর, মাহিগঞ্জের কিছু এলাকা, লালবাগ, বালাপাড়াসহ আরও বেশ কিছু এলাকায় নতুন করে বসতবাড়ি গড়ে উঠলেও বৈদ্যুতিক খুঁটি বসানো হয়নি।এলাকাবাসীর অভিযোগ, ২৫ বছর হলো তাঁরা পৌরসভার নাগরিক হয়েছেন। কিন্তু বছরের পর বছর ধরে তাঁরা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। কিন্তু পৌরসভা এসব এলাকার নাগরিকদের কাছ থেকে ঠিকই পৌর কর আদায় করে আসছে।জানা যায়, পৌরসভার পৌর কর আদায় করতে গেলে কয়েকটি শর্ত পৌরসভাকে পূরণ করতে হয়। এসবের মধ্যে হলো বিদ্যুৎব্যবস্থা পৌঁছাতে বৈদ্যুতিক খুঁটি বসানো, পানির পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং পয়োনিষ্কাশনব্যবস্থা ও যোগাযোগের জন্য সড়কব্যবস্থা গড়ে তোলা। তবে ওই এলাকায় এসবের কোনো বালাই নেই বলে সরেজমিনে জানা যায়।সরেজমিনে দেখা গেছে, বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়ায় সামান্য বাতাসে খুঁটি হেলে পড়েছে। বেশ কিছু বাড়িতে এই তার ঝুলেও যায় বলে প্রত্যক্ষ করা যায়। এ ছাড়া শিশুরা খেলতে গিয়ে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে কিংবা বাঁশ টেনে দৌড়-ঝাপ করছে। এমন চিত্র সরেজমিনে চোখে পড়েছে শহরের ভগী, বালাপাড়া ও লাকীপাড়া এলাকায়। অবহেলিত এলাকা হলো পৌরসভার দুই নম্বর ওয়ার্ড।ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ‘এ সমস্যা দীর্ঘদিনের। আমি নিজেও হয়রান হয়ে পড়েছি। বিদ্যুৎ অফিস থেকে শুধু শুধুই প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তা ছাড়া এসব এলাকায় আগে তেমন একটা বসতবাড়ি ছিল না। বর্তমানে লোকজন নতুন করে বাড়ি নির্মাণ করায় এ সমস্যা প্রকট হয়ে উঠেছে।’পৌরসভার ভগী এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘বৈদ্যুতিক খুঁটির জন্য পৌরসভার দপ্তরে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে পড়েছি। এখন আর ভালো লাগে না।’ একই এলাকার কামরুল হাসান জানান, পৌরসভা পৌর কর আদায়ে ঠিকই উদ্যোগ গ্রহণ করে। কিন্তু তারা নাগরিক-সুবিধা দিতে ব্যর্থ।সাতগাড়া এলাকার আবু তালেব আলী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘দেখতেই তো পারছেন বাঁশ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া কত ঝুঁকিপূর্ণ।’একই এলাকার মহফিল হক, আকবর আলী ও আবদুল মালেক জানান, শুধু কি বিদ্যুতের খুঁটি। পানির লাইনও নেই। রাস্তাও খারাপ।রামপুরা এলাকার আবুল কাশেম ও জাহাঙ্গীর আলম জানান, বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করায় সামান্য বাতাসে তা হেলে পড়ে। এর ফলে দুর্ঘটনা যে ঘটছে না, তা ভাগ্যের ব্যাপার বলা চলে।দক্ষিণ খলিফাপাড়া এলাকার নুরুল হক জানান, নাগরিক সুবিধার কোনো বালাই নেই। কিন্তু বছর বছর ঠিকই পৌর কর্তৃপক্ষ কর আদায়ের তাগিদ দিয়ে থাকে। এমনি করে অভিযোগ করলেন আরও অনেক পাড়া-মহল্লার নাগরিকেরা।পৌরসভার মেয়র একে এম আবদুর রউফ জানান, নগরায়ণ পরিকল্পনায় এ নিয়ে একটি পরিকল্পনা করা হয়েছে। কবে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক এ খুঁটি বসানোর কাজ করে থাকেন বিদ্যুৎ বিভাগ। আমরা তাদের তাগাদা দিয়েই যাচ্ছি।’এদিকে বিদ্যুতের ১০ শহর প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী লুত্ফুল হক জানান, এ প্রকল্পের কাজ চলছে। এর পরও সময়সাপেক্ষ ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।