রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের শেষ দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। খবর বাসসের।ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বাসসকে জানান, কমিশন ইতিমধ্যে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শুধু সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেটের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে ওই গেজেট পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ আজ শুক্রবার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ইসি আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছে। সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন অনুষ্ঠানে যা যা করা প্রয়োজন, কমিশন অবশ্যই তা করবে। তিনি বলেন, রংপুর সিটি এলাকায় বিশেষ ব্যবস্থায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, যাতে নতুন সিটিতে নতুন ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।কমিশনার আরও বলেন, সীমানা নির্ধারণের গেজেট হাতে এলে ওই গেজেট অনুসারে কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রণয়ন করা হবে এবং এর পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা নির্ধারণের গেজেটটি আসবে বলে আশাবাদ ব্যক্ত করে মো. শাহ নেওয়াজ বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আগামী মাসের ১০ তারিখের মধ্যে এই কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে।কমিশনের সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ, প্রয়োজনীয় মালামাল সংগ্রহ, ভোটার তালিকার সিডি তৈরি ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে প্রস্তুতি শেষ করে এনেছে কমিশন। তবে সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট হাতে না পাওয়া পর্যন্ত ভোটার তালিকা পুনর্বিন্যাসের কাজ শুরু করার সুযোগ কমিশনের নেই।সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা রংপুর জেলা প্রশাসক ফরিদ আহম্মদ গত ২৬ আগস্ট সব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা নির্ধারণের গেজেট প্রকাশের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগকে চিঠি পাঠান। চিঠিতে ওয়ার্ড বিভক্তকরণের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করা হয়েছে। এতে সিটি এলাকাকে ৩৩টি সাধারণ ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। সংরক্ষিত মহিলা ওয়ার্ড রাখা হয়েছে ১১টি।সীমানা নির্ধারণ কর্মকর্তার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ৩৩টি ওয়ার্ডে বিভক্ত করে গত ১৫ জুলাই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর বিপরীতে ৭৮টি দাবি-আপত্তি দাখিল হয়। এক মাসের বেশি সময় ধরে প্রয়োজনীয় দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এই সিটি করপোরেশন গঠিত হওয়ার পর সীমানা নির্ধারণের তাগিদ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠায় ইসি। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করে।গত ২৮ জুন রংপুর সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়। আইন অনুযায়ী সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে কমিশনকে এ সিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। অবশ্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৩৪ ধারা অনুযায়ী নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।