রংপুর সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে আগাম প্রস্তুতি হিসেবে পুরো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার ছাপানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার সময় ইসি থেকে রংপুর সিটি নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করার কথা বলা হয়েছিল। ইসি সচিবালয় সূত্র জানায়, গত ৫ নভেম্বর রংপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণার পর ইসি স্থানীয়ভাবে উত্পাদিত ব্যাটারি দিয়ে ইভিএম চালানোর পক্ষে মত দেয়। কিন্তু বুয়েট থেকে জানানো হয়, দেশীয় ব্যাটারি ব্যবহার করা হলে তা হবে ঝুঁকিপূর্ণ। সূত্র আরও জানায়, ইসির কাছে বুয়েটের পাওনা বকেয়া বিল নিয়েও জটিলতা রয়েছে। এ কারণে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যথাসময়ে ব্যবহারোপযোগী ইভিএম পাওয়া যায়নি। শুরু থেকেই ইভিএম তৈরির ব্যাপারে ইসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইনস্টিটিউটের প্রযুক্তি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কারিগরি সহযোগিতা নেয়। বুয়েটের সরবরাহ করা ইভিএম দিয়েই চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হয়। জানতে চাইলে আজ সোমবার রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে ইসি থেকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, ইভিএম ব্যবহারের লক্ষ্যে প্রচারণা ও মক ভোটের (পরীক্ষামূলক) জন্য যে সময় দরকার, নির্বাচনের আগে সে সময় এখন আর ইসির হাতে নেই। এ কারণে ইভিএম ব্যবহার না হওয়ার বিষয়টি অনেকাংশে নিশ্চিত। তবে নির্বাচন কমিশনার আবু হাফিজ ইভিএম ব্যবহারের ব্যাপারে আশাবাদী। তিনি সাংবাদিকদের জানান, অন্তত একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনো কমিশনের আছে। তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরশন নির্বাচনে ভোট নেওয়া হবে।