রংপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
বাসচালক ও হেলপারদের গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।এজন্য অন্যান্য জেলার সঙ্গে রংপুরের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে বাসযাত্রীরা। কারণ অন্য জেলা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসগুলো মহাসড়কে আটকা পড়ে আছে। রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, গতকাল সোমবার রাতে রংপুর লায়ন্স স্কুল ও কলেজের সামনে থেকে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো সাহেব আলী (৩৫), আহসান করিম (৩৭), আনোয়ারুল হক (২৬), সুলতান (৩৮), মতিয়ার (৩০) ও শাহিন মিয়া (২৮)। তাদের জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ জানান, চালক ও হেলপারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বাস ধর্মঘট চলবে।