রংপুরে আজ, কুষ্টিয়ায় সোমবার থেকে বাস বন্ধ
রংপুর থেকে ঢাকাসহ সব জেলায় আজ শনিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন মোটর-শ্রমিকেরা।অন্যদিকে কুষ্টিয়া-পাবনার ঈশ্বরদী সড়ক সংস্কারের দাবিতে আগামী সোমবার থেকে কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন বাসমালিক ও শ্রমিক নেতারা।গতকাল শুক্রবার রংপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মজিদ। তিনি বলেন, তাঁরা পাঁচ দফা দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন। তাঁদের দাবিগুলো হলো: শহরের কেন্দ্রীয় ও ঢাকা বাস টার্মিনাল সংস্কার, নছিমন-করিমন ও ভটভটিতে যাত্রী পরিবহন বন্ধ, উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, জেলায় ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ এবং ট্রাক্টর ও ট্রলিতে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে।ঈদের আগে ধর্মঘট ডাকার কারণ জানতে চাইলে এম এ মজিদ বলেন, ‘এসব দাবিদাওয়া নিয়ে এর আগে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দাবিগুলো নিয়ে কোনো আলোচনা না করায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোকসেদ আলীসহ অন্য শ্রমিক নেতারা। এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে জেলা মোটর মালিক সমিতিও। সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘটে আমরাও সমর্থন জানিয়েছি। আমরাও চাই বাস টার্মিনাল দুটি দ্রুত সংস্কার করা হোক।’এদিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমানের কাছে গত মঙ্গলবার চিঠি দেয় কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মালিক সমিতি। এতে বলা হয়, ‘জনস্বার্থে পাঁচ দিনের মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক মেরামত করতে হবে। অন্যথায় যাত্রীসাধারণ ও মালিক-শ্রমিকের নিরাপত্তার কথা বিবেচনা করে ২২ আগস্ট সোমবার থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।’চিঠিতে স্বাক্ষর করেন জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম ও মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন দুলাল। এর অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।এ ব্যাপারে আবুল ফজল ও নূর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। গতকাল রাত পৌনে আটটায় আবুল ফজলের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর স্ত্রী ফোন ধরে বলেন যে তাঁর স্বামী বাইরে গেছেন। তবে তিনি জানান, সোমবার থেকে বাস ধর্মঘট ডাকা হয়েছে বলে শুনেছেন। যোগাযোগ করা হলে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘সওজের কর্মকর্তার কাছে পাঠানো বাসমালিক নেতাদের চিঠির অনুলিপি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’সড়কটির ব্যাপারে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মহাজোটের সাংসদ ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কটি ভেড়ামারা ও মিরপুর উপজেলার ওপর দিয়ে গেছে। কিছুদিন আগে যে সাতজন মারা গেল, এর প্রধান কারণ ছিল এই সড়কের বেহাল দশা। এটা ঠান্ডা মাথায় খুন করা। আমরা চোখ বুজে থাকতে পারি না। আমি এর ক্ষতিপূরণ দাবি করছি। সেই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’