রংপুরে আলুচাষিদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাগারে আলু রাখতে না পেরে রংপুরের মিঠাপুকুরে গতকাল শুক্রবার শত শত আলুচাষি রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ শেষে বিক্ষোভ করেছেন। এতে প্রায় চার ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকে। অবরোধ-কারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ জন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শতাধিক ট্রাকে করে মিঠাপুকুর উপজেলা ও এর আশপাশের চাষিরা মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকায় অবস্থিত শাহ সুলতান হিমাগারের সামনে আলু নিয়ে অপেক্ষা করেন। সারা রাত অপেক্ষার পর গতকাল সকালে কিছু সময়ের জন্য আলু হিমাগারে নিয়ে ফের বন্ধ করে দেন হিমাগারের লোকজন। চাষিরা আরও আলু নেওয়ার জন্য হিমাগার কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কাজ না হওয়ায় তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে চাষিরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় দিকে কয়েকটি জেলার যাত্রীবাহী বাসসহ যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ অবস্থা চলে দুপুর একটা পর্যন্ত। এর মধ্যে পুলিশ অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এ নিয়ে পুলিশের সঙ্গে চাষিদের কথাকাটাকাটি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, আহত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ছালাম, রফিকুল, শফিক, মমিন, কল্লোল, জহুরুল, বিপ্লব, করিম ও একরামকে চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁদের শরীরে লাঠির আঘাত ও দৌড়ানোর সময় পড়ে যাওয়ার আঘাত রয়েছে।এলাকাবাসী জানান, দমদমা এলাকার শুধু শাহ সুলতান হিমাগার নয়, এর আশপাশের শাপলা, উত্তমাশা ও মোস্তফা হিমাগারের সামনেও আলু নিয়ে চাষিরা বিপাকে পড়েছেন। সেখানে চাষিরা আলু নিয়ে অপেক্ষা করছেন। রংপুর বণিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী জানান, রংপুরে মোট হিমাগার ৩০টি। এগুলোর ধারণক্ষমতা এক লাখ ৫২ হাজার মেট্রিক টন। কিন্তু আবাদ হয়েছে অনেক বেশি। ফলে সমস্যা হচ্ছে। এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আলুচাষি ছালামত উল্লাহ, কবির হোসেন ও জামান মিয়া অভিযোগ করেন, আলু হিমাগারে রাখতে না পারলে পচে যাবে। এ জন্য তাঁরা আগেই হিমাগার কর্তৃপক্ষের কাছে বুকিং দিয়ে স্লিপ নিয়ে রেখেছেন। কিন্তু তার পরও আলু রাখছে না কর্তৃপক্ষ। শাহ সুলতান হিমাগারের ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান জানান, তাঁদের হিমাগারের ধারণক্ষমতা দুই লাখ ১০ হাজার বস্তা। ইতিমধ্যেই তাঁরা এক লাখ ৮০ হাজার বস্তা আলু নেওয়া হয়ে গেছে। বাইরে যে পরিমাণ আলু নিয়ে চাষিরা অপেক্ষা করছেন, তা কোনোভাবেই নেওয়া সম্ভব হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুল হামিদ জানান, রংপুরে এবার ৪৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু আলুর আবাদ হয়েছে ৭০ হাজার হেক্টর জমিতে। আর মোট উত্পাদিত হয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, শাহ সুলতান হিমাগারের মূল ফটক বন্ধ রাখার ফলে চাষিরা আলু নিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে গেলে বিক্ষুব্ধ চাষিরা তাদের ওপর চড়াও হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিপেটা করে।