রংপুরে উপাচার্যের পদত্যাগই এক দফার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী মঞ্চের ব্যানারে আজ শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। প্রায় ৫০০ শিক্ষার্থী ওই মানববন্ধনে অংশ নেন। উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার পদত্যাগই এক দফার আন্দোলন বলে মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও উপাচার্য পদত্যাগ না করলে যেদিন থেকে বিশ্ববিদ্যালয় খুলবে, সেদিন থেকেই স্থগিত করা আমরণ অনশন আবার শুরু করবেন বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। আগামীকাল রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মীরা হামলা চালালে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদের চোখে মাইকের ব্যাটারির অ্যাসিড ছিটকে পড়ে। আহত দুই শিক্ষক এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এদিকে হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান মো. ফজলুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আহত শিক্ষকদের অবস্থা উন্নতির দিকে। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত চলা মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রংপুর জেলা শাখার সভাপতি শাহাদত হোসেন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক আবদুল কুদ্দুস প্রমুখ। আন্দোলনরত শিক্ষকদের মধ্যে অধ্যাপক হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, সহকারী অধ্যাপক ওমর ফারুক ও শাহীনুর ইসলাম বক্তব্য দেন।