রংপুরে এনকেফালাইটিসে আরও দুজনের মৃত্যু
রংপুরে নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে আজ শুক্রবার এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।চিকিত্সকেরা জানান, এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা ৩৩ জনে দাঁড়াল। আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার মালতী রানী (৩৫) এবং রংপুরের কাউনিয়া উপজেলার শিবকুঠি গ্রামের শাহাবুদ্দিনের শিশুপুত্র রাকিব (৫) মারা যায়। জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার রাতে মালতী রানীকে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। তাঁর স্বামী মনোরঞ্জনও একই হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে ১১ ফেব্রুয়ারি মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে মারা যায় শিশু রাকিব। সেও গতকাল রাতেই ওই ওয়ার্ডে ভর্তি হয়েছিল। ওই ওয়ার্ডে এখন চারজন চিকিত্সাধীন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।