রংপুরে এনকেফালাইটিসে আরও ২ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার আরও দুজন মারা গেছে। এরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডি গ্রামের মনি (১১) এবং গাইবান্ধার সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মোতাহার হোসেন (৫৫)। জানা যায়, মনিকে গতকাল বুধবার রাতে রংপুর মেডিকেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আর মোতাহার হোসেনকে এনকেফালাইটসিতে আক্রান্ত রোগীদের জন্য গঠিত বিশেষ ওয়ার্ডে ৫ ফেব্রুয়ারি ভর্তি করা হয়। আজ দুপুরে এ দুজন মারা যায়। এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ১৪ জন চিকিত্সাধীন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত কয়েক দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় ১৯ জন এবং রংপুরে পাঁচজন মারা যায়।