রংপুরে কলেজগুলোর সাফল্যগাথা
দিনাজপুর বোর্ডে রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিজয়ের সাফল্যগাথা অক্ষুণ্ন রেখেছে। বোর্ডের সেরা শীর্ষ বিশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ক্যাডেট কলেজ প্রথম স্থান অধিকার করে সুনাম হাতছাড়া করেনি। আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ যেন তাদের পেছনে পেছনে ছুটে দ্বিতীয় স্থান অর্জন করে। বহু বছর পর সরকারি বেগম রোকেয়া কলেজ বোর্ডের শীর্ষ বিশের মধ্যে স্থান করে নিয়েছে—১৫তম। সেই সঙ্গে পুলিশ লাইন স্কুল ও কলেজ ১২তম ও কালেক্টরেট স্কুল ও কলেজ ২০তম স্থান অর্জন করে। রংপুরের একমাত্র মহিলা কলেজ সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজে এ বছর এইচএসসিতে ৫৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন। এর আগে এই কলেজের এত ভালো ফল করার খবর জানা যায়নি। কলেজের অধ্যক্ষ হেলালউদ্দিন বলেছেন, এই কলেজে কৃতী শিক্ষার্থীরা তেমন ভর্তি না হলেও সবার চেষ্টায় ফল ভালো হয়েছে। পুলিশ লাইন স্কুল ও কলেজ থেকে ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। কলেজ কমিটির সভাপতি পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, শিক্ষার্থীদের ফল ভালো করতে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। নিয়মিত মডেল টেস্ট নেওয়া হয় শিক্ষার্থীদের। ভবিষ্যতে কীভাবে আরও ভালো ফল করা যায়, সেদিকে নজর রাখবেন বলে তিনি মন্তব্য করেন। ঠাসাঠাসি, গাদাগাদি করে বসে ক্লাস করে রংপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। কক্ষসংকটে অনেক সময় ক্লাসও হয় না। এমনকি গাছতলায়ও ক্লাস করতে হয়েছে। এর পরও এই কলেজ বোর্ডের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ৯১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২২ জন পাস করেছেন। এর মধ্যে ২৪ জন পেয়েছেন জিপিএ-৫। রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম বলেন, ভবিষ্যতে এই কলেজ আরও ভালো ফল করবে। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিবেশ ভালো। নিয়মশৃঙ্খলাও রয়েছে উল্লেখ করার মতো। বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলার পর থেকে বরাবরই ভালো ফল করে আসছে। এবারের ফলাফলে কলেজে দেখা গেছে আনন্দ-উল্লাস। শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়েছেন অধ্যক্ষ নিজেই। কৃতী শিক্ষার্থী তানজিলা জানান, মুখস্থ না করে বুঝে পড়লে ভালো ফল করা সম্ভব। কলেজের অধ্যক্ষ কর্নেল সরদার হাসান কবির বলেন, এমন ফলাফলে শিক্ষক ও শিক্ষার্থীদেরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপর্ণ। তবে কলেজের নিয়মশৃঙ্খলা একটা বড় বিষয় বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত মডেল টেস্ট নেওয়া হয় বলে জানান অধ্যক্ষ।লায়ন্স স্কুল ও কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। এই কলেজ থেকে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন পাস করেছেন।