রংপুরে কাল আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা যুবদলের নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল সোমবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। কাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে। জেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে আজ রোববার সকাল থেকে হরতালের সমর্থনে মাইকযোগে প্রচার চালানো হয়েছে।রেজাউল জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ১২ নভেম্বর নগরের পাশারীপাড়ায় সন্ত্রাসীরা রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে। হরতালের সমর্থনে শহরের গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়াও যুবদল নগরের পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলার মোড়ে পথসভা করেছে। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি ও যুবদলের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী এই হরতাল ডাকা হয়েছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, রেজাউলের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসি বাদী হয়ে ২০ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।