রংপুরে চাঞ্চল্যকর খুন, স্ত্রী-পুত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে বেলাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী গতকাল সোমবার রাতে খুন হয়েছেন। শহরের মাহীগঞ্জ এলাকার জেডিসেন সড়কে তাঁর নিজ বাড়িতে খুনের এই ঘটনা ঘটে। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলালের স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে আসিফ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।বেলাল আরেকটি বিয়ে করায় তাঁকে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার সুফিয়া।পুলিশ জানায়, গতকাল রাতে জেডিসেন সড়কে খুন করার পর ব্যবসায়ী বেলালের লাশ তিন টুকরো করে বস্তায় ভরে অটোরিকশায় করে সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের জলছত্র গ্রামের একটি কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশটি ফেলে দেওয়ার সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে ওই অটোরিকশা থেকে সুফিয়াকে তারা আটক করে। কোতোয়ালি থানা পুলিশ সুফিয়াকে গ্রেপ্তারের পর বেলাল হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।উপপরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আজ মঙ্গলবার বেলালের ছেলে কারমাইকেল কলেজের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর ছাত্র আসিফ ইকবাল ওরফে ইকবালকেও গ্রেপ্তার করা হয়।নিহত বেলালের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, খুনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।বেলালের ভাই আসাদুল হক একটি হত্যা মামলা দায়ের করেছেন।