রংপুরে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আসিফ ইসলাম খুনের ঘটনায় রংপুর সদর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের ফুলচৌকি এলাকার ভুরারঘাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি আবুবক্কর (৪৫), হাবিবুর রহমান (৪৮) এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মান্নান (৩০) নামের আরেকজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের ফতেপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠাকে কেন্দ্র করে ২৪ জুলাই ফতেপুর এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের একটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর রংপুর কালেক্টরেট স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আসিফ নিখোঁজ হয়। পরে গত ২৬ জুলাই জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ঘাঘট নদী থেকে আসিফের লাশ উদ্ধার করা হয়। আসিফের বাবা গোলজার হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী ছাত্র হত্যাকাণ্ডের অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।