রংপুরে ছাত্রী অপহরণ করতে গিয়ে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করার সময় গাড়িসহ তিন অপহরণকারীকে আটক করে স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রংপুরের সদর উপজেলার সদ্দপুস্করণী ইউনিয়নের বড়বাড়ী এলাকায় আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—বড়বাড়ী এলাকার রুবেল মিয়া (১৮), একই এলাকার আবুল কালাম (১৯) ও গাড়িচালক শহরের ধাপ পাকারপাথা এলাকার মোস্তফা কামাল (২২)।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী প্রতিদিনের মতো আজও তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাচ্ছিল। তারা স্কুলের কাছাকাছি পৌঁছালে একদল বখাটে ওই ছাত্রীকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিত্কারে স্থানীয় লোকজন ধাওয়া করে প্রাইভেটকারটিকে আটক করে। শাহীনুর (২০) নামের এক বখাটে পালিয়ে গেলেও গাড়িচালকসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আফওয়াজুল ইসলাম বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে গাড়িচালক ও তিনজন যুবককে আসামি করে একটি অপহরণের মামলা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির বাবা বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রতিদিনই মেয়েকে রুবেল মিয়া ও তার সংঘবদ্ধ বখাটে বন্ধুরা উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অবশেষে অপহরণ করার চেষ্টা চালানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা মামলার উদ্ধৃতি দিয়ে প্রথম আলোকে বলেন, অপহরণকারীরা মেয়েটিকে গাড়িতে তুলে বোরকা দিয়ে ঢেকে দেয়। বোরকাটি উদ্ধার করা হয়েছে।