রংপুরে জাতীয় পার্টির একাংশের গণপদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির একটি অংশের নেতা-কর্মীরা আজ রোববার গণপদত্যাগ করেছেন। আজ দুপুর ১২টায় রংপুর টাউন হলে আয়োজিত এক সমাবেশ থেকে তাঁরা গণপদত্যাগ করে জাতীয় পার্টির বিকল্প হিসেবে মহানগর তৃণমূল জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন। জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান ওরফে রাঙ্গাকে হুসেইন মুহম্মদ এরশাদ সমর্থন দেন। এ কারণে দলের সমর্থনবঞ্চিত জাতীয় পার্টির একটি অংশের নেতা-কর্মীরা আজ সমাবেশে তাঁদের সমর্থকদের নিয়ে গণপদত্যাগ ও নতুন দল গঠনের ঘোষণা দেন। রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তফসিল ঘোষণার আগেই আগাম প্রচারাভিযানে নেমেছেন জেলা জাতীয় পার্টির তিন শীর্ষস্থানীয় নেতা। এই তিন সম্ভাব্য প্রার্থী হলেন—জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান ওরফে রাঙ্গা, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ও পৌর কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ ওরফে মানিক। এই তিন প্রার্থীর মধ্যে এরশাদের মনোনয়নবঞ্চিত দুই প্রার্থীর সমর্থনে যৌথভাবে আজ রংপুর টাউন হলে সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে ৩৩টি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি জেলা কমিটির সভাপতি এস এম ইয়াসির। সভা থেকে ঘোষণা দেওয়া হয়েছে, দলের চেয়ারম্যান এরশাদ মেয়র পদে মশিউর রহমানকে যে সমর্থন দিয়েছেন, তা প্রত্যাহার না করায় সমাবেশের মাধ্যমে গণপদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় জাতীয় পার্টির এক হাজারের বেশি নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পার্টি পৌর কমিটির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ ওরফে মানিককে আহ্বায়ক ও জেলা যুব সংহতির সভাপতি এস এম ইয়াসীরকে সদস্যসচিব করে ১০১ সদস্যের তৃণমূল মহানগর জাতীয় পার্টি গঠনের ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ‘চেয়ারম্যান স্যার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে তিনি কাউকে সমর্থন দেবেন না। কিন্তু তফসিল ঘোষণার পরপরই তিনি (এরশাদ) রাঙ্গাকে প্রার্থী ঘোষণা করায় আমরা দুই প্রার্থী একসঙ্গে দলের চেয়ারম্যানের কাছে সমর্থন প্রত্যাহারের আলটিমেটাম দিই। আলটিমেটামের সময়সীমা পেরিয়ে গেলেও আমাদের নিয়ে কোনো কিছু ভাবা হলো না। তাই জনগণকে জানান দিতে সমাবেশ করা হয়।’ আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, রাঙ্গার ওপর থেকে এরশাদের সমর্থন প্রত্যাহার করা না করায় বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদস্বরূপ মহানগর তৃণমূল জাতীয় পার্টি গঠন করা হয়েছে। যদি রাঙ্গার ওপর থেকে এরশাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে এই কমিটি বাতিল করা হবে। এদিকে সদ্যঘোষিত মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও এরশাদের সমর্থন পাওয়া মেয়র পদপ্রার্থী মশিউর রহমান ওরফে রাঙ্গা বলেন, ‘দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সভায় আমার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। যাঁরা সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন, তাঁরা জাতীয় পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। দলের বিরোধিতা করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না।’ এর জবাব জনগণই দেবে বলে তিনি মন্তব্য করেন।