রংপুরে জাপার শঙ্কা তৃণমূল জাতীয় পার্টি
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এইচ এম এরশাদের জন্য ‘তৃণমূল জাতীয় পার্টি’ শঙ্কার কারণ হয়ে উঠছে। এ নির্বাচনে এরশাদ জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে দলের সাবেক সাংসদ মশিউর রহমানকে (রাঙ্গা) মেয়র পদে সমর্থন দিলে দলের দুই বিদ্রোহী নেতা মিলে এ সংগঠনটি করেন।এই দুই নেতা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগকারী মোস্তাফিজার রহমান ও সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ (মানিক)। মোস্তাফিজার জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক এবং রউফ পৌর কমিটির সাবেক সভাপতি।অবশ্য তৃণমূল জাতীয় পার্টি নিয়ে শঙ্কা বা উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন এইচ এম এরশাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওরা তো তৃণমূল জাতীয় পার্টিরও চেয়ারম্যান করেছে আমাকে। সুতরাং এতে কোনো সমস্যা হবে না।’এদিকে তিন প্রার্থীই শক্তভাবে মাঠে থাকায় জাতীয় পার্টির ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে আছেন। এলাকায় পাল্টাপাল্টি সভা-সমাবেশ, বক্তব্য ও গণসংযোগ চলছে সমানতালে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদ মশিউরকে সমর্থন দিলেও অন্য দুই প্রার্থীর পক্ষেও জাপার ভোটারদের সমর্থন রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে চাইছেন উপজেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিই সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। সে কারণে এলাকায় তাঁর একটা অবস্থান আছে।আবদুর রউফ আট বছর পৌরসভার মেয়র ছিলেন। জাপার পৌর কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। এলাকায় তাঁরও একটা অবস্থান আছে। আর এরশাদের সমর্থন পাওয়া মশিউর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। জেলা মোটর মালিক সমিতির সভাপতিও তিনি। মশিউর রহমান বলেন, ‘চেয়ারম্যান স্যার (এরশাদ) যদি আমাকে সমর্থন না দিতেন, তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াতাম। দলের একটা শৃঙ্খলা রয়েছে। আমি আশাবাদী, জনগণ এরশাদের মনোনীত প্রার্থীকেই বেছে নেবে।’মোস্তাফিজার রহমান বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার সঙ্গেই সাধারণ মানুষের বেশি যোগাযোগ রয়েছে। তাই পদত্যাগ করে নির্বাচন করছি। সরে দাঁড়ানোর সুযোগ নেই।’আবদুর রউফ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে পৌর মেয়র ছিলাম। এলাকায় আমার ব্যাপক সমর্থন আছে।’এরশাদ প্রথম আলোকে বলেন, ‘আমি মোস্তাফিজ ও মানিক—দুজনকেই বলেছি, রাঙ্গাকে তোমরা স্যাক্রিফাইস করো। কিন্তু তারা শুনল না।’ জাপা সূত্র জানায়, দুই প্রার্থীকে নিবৃত্ত করতে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে। এতে কাজ না হলে এরশাদ নিজেই মশিউরের পক্ষে গণসংযোগে নামতে পারেন।