রংপুরে জাপায় দ্বন্দ্ব শুরু, মেয়র প্রার্থিতার আশায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবে গঠন হলো রংপুর বিভাগ। সিটি করপোরেশন নির্বাচন কবে হবে, তার ঠিক-ঠিকানা নেই। অথচ মেয়র পদে দলের সমর্থন পাওয়ার আশায় এখনই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন জাতীয় পার্টির নেতারা। দলীয় প্রধান এইচ এম এরশাদের আস্থাভাজন হতে ব্যতিব্যস্ত তাঁরা। আর এ নিয়ে রংপুরে জাতীয় পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে।দলের একাধিক সূত্রে জানা গেছে, রংপুরে জাতীয় পার্টি এখন তিন অংশে বিভক্ত হয়ে পড়েছে। জেলা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমান রাঙ্গা নেতৃত্ব দিচ্ছেন একাংশের। দলের মহানগর কমিটির সভাপতি ও রংপুর পৌরসভার মেয়র আবদুর রউফ দিচ্ছেন অপর একটি অংশের নেতৃত্ব। আর দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চলছে বাকি একটি পক্ষ।জাতীয় পার্টির পক্ষ থেকে সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। বিভাগ ঘোষণার পর গত মঙ্গলবার প্রথম রংপুরে আসেন এরশাদ ও রওশন এরশাদ। আজ শুক্রবার তাঁদের ঢাকায় ফিরে যাওয়ার কথা।জানা গেছে, মেয়র আবদুর রউফ পৌরসভার পক্ষ থেকে হনুমানতলায় একটি মার্কেট তৈরি করছেন। এরশাদকে খুশি করতে ওই মার্কেটের নাম দিয়েছেন ‘এরশাদ হকার্স মার্কেট’। গত বুধবার এরশাদ ওই মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন না করেই চলে আসেন।এ ব্যাপারে আবদুর রউফ বলেন, স্যার (এরশাদ) ঠিকই ভিত্তিপ্রস্তর স্থাপন করতেন। কিন্তু দলের এক নেতার কারণে সেটা হলো না। তিনি আরও বলেন, ‘স্যারকে জানিয়ে দিয়েছি, আমি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে চাই। হয়তো আমার এই আবদার দলের কেউ কেউ পছন্দ করছেন না।’তবে জেলা জাপার সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্যার (এরশাদ) তো আমাকে জানিয়ে দিয়েছেন, মেয়র পদে প্রার্থী আমাকেই করবেন।’ কথা বলার সময় তিনি এটুকুও জানিয়ে দিলেন, ‘আমি এখন ম্যাডামের (রওশন এরশাদ) গাড়িতে রয়েছি।’দলের দ্বন্দ্বের বিষয়ে মশিউর রহমান বলেন, ‘দ্বন্দ্ব কিছু বুঝি না। স্যারের দল করি। স্যারের নির্দেশমতো চলি।’জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি মেয়র পদে ভোট করতে চাই না। কিন্তু আবদুর রউফ ও মশিউর রহমানের প্রার্থী হওয়া না-হওয়া নিয়ে দলের বারোটা বাজতে শুরু করেছে।’গত মঙ্গলবার এরশাদ রংপুরে পৌঁছানোর পর পরই তাঁর নিজের বাড়ি পল্লিনিবাসে দলের বিবদমান দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রিকশাশ্রমিক ইউনিয়নের নেতা ইব্রাহিম পণ্ডিতকে মারধর করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা কমিটির নির্ধারিত সভাও বাতিল করা হয়।