রংপুরে জ্বরে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর পর পাশের রংপুরে জ্বরে দুজনের মৃত্যুতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। তবে সরকারি বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার ওই দুজনের মৃত্যুর কারণ এনকেফালাইটিস বলে মনে হচ্ছে না। লালমনিরহাটের লাগোয়া জেলা রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগের শ্যামপুর গ্রামের মনসুর আলী (২২) জ্বরে বমি করতে করতে গত শনিবার রাতে বাড়িতে মারা যান। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দের রিয়াজুল হকের মেয়ে লুবনা (১৪) শরীরে খিঁচুনি দিয়ে বমি করতে করতে মারা যায়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই দুজনের বাড়িতে যান।উল্লিখিত দুজনের মৃত্যুর কারণ নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। গঙ্গাচড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লুবনার রোগের লক্ষণ নিপাহ ভাইরাসের কারণে হওয়া এনকেফালাইটিস রোগের মতো।তবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেছেন, রংপুরের সিভিল সার্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি মনে করেন, তাঁদের মৃত্যুর কারণ এনকেফালাইটিস নয়।মাহমুদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই দুই রোগীর যে ইতিহাস পাওয়া গেছে, তাতে মনে হয়নি যে এনকেফালাইটিস তাঁদের মৃত্যুর কারণ।’এদিকে সরকারিভাবে জানানো হয়েছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসে এ পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১৭ জন।গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ‘নিপাহ রোগ বিষয়ে স্বাস্থ্য বার্তা’য় সাধারণ মানুষের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে: খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না; বাদুড় বা পাখির আংশিক খাওয়া ফল খাওয়া যাবে না; ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোমতো ধুয়ে খেতে হবে; রোগীকে যত দ্রুত সম্ভব কাছের সরকারি হাসপাতালে পাঠাতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে।রংপুর জেলার সিভিল সার্জন মো. রেজাউল করিম জানান, দুই উপজেলায় সার্বক্ষণিক চিকিৎসা দল কাজ করছে। ভীতির কোনো কারণ নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুর রহমান বলেন, ইতিমধ্যে হাসপাতালে একটি পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। রোগী এলে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।লালমনিরহাটে এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর রংপুর জেলার গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই দুই উপজেলায় শিশুদের সামান্য জ্বরেই অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়ছেন। কারও জ্বর হলেই আত্মীয়স্বজন তাদের নিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।এদিকে লালমনিরহাট জেলা বিএনপি গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলন করে বলেছে, এনকেফালাইটিসের সংক্রমণ ও মানুষের মৃত্যুর কারণে তারা জেলায় হরতাল কর্মসূচি পালন করবে না।