রংপুরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার রাতে দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। উপজেলার চতরা ইউনিয়নের ঘাঁসিপুর গ্রাম ও কুমারপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।নিহতরা হলেন—ঘাঁসিপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) ও বকুল মিয়া (৩০)। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ঘাঁসিপুর গ্রামের বাজারে ওই গ্রামের একজনের সঙ্গে কুমারপুর গ্রামের আরেকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এরই জের ধরে গতকাল শনিবার দুপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৭ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সন্ধ্যা সাতটায় জাহিদুল এবং রাত সাড়ে নয়টায় বকুল মারা যান।পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের মৃত্যুর পর আজ রোববার সকাল থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তাঁরা সকাল থেকেই লাঠিসোঁটা নিয়ে হামলা চালাতে প্রস্তুতি নিয়ে আছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।