রংপুরে দুই মহল্লার মধ্যে সংঘর্ষে যুবক নিহত
রংপুর শহরে এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দুই মহল্লার মধ্যে সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ভোলা (৩০)। সংঘর্ষে আহত আরও তিনজন এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন। তাঁরা রংপুর মেডিকেল কলেজে চিকিত্সাধীন। এঁরা হলেন—হাবিব (৩০), মোমিন (২২) ও আজিজ (২৩)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে গত তিন ধরে মেডিকেল পূর্ব গেট ও নীলকণ্ঠ মহল্লার কতিপয় যুবকের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরই জের ধরে গতকাল রাত সাড়ে ১২টার দিকে মেডিকেল পূর্ব গেটের কতিপয় যুবক পার্শ্ববর্তী নীলকণ্ঠ মহল্লায় হামলা চালায়। হামলার সময় তারা লাঠিসোঁটা ও ছোরা ব্যবহার করে। রাতে আতঙ্ক ছড়িয়ে পড়লে নীলকণ্ঠপাড়ার লোকজন সংগঠিত হয়ে যুবকদের ধাওয়া করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় চিকিত্সাধীন অবস্থায় ভোলা মারা যান। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। সংজ্ঞাহীন অবস্থায় তাদের চিকিত্সা চলছে। নিহত ও আহত সবাই মেডিকেল পূর্ব গেট এলাকার বাসিন্দা।এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সহিংস ঘটনা এড়াতে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটার আশঙ্কা করছে দুই মহল্লার বাসিন্দারা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’