রংপুরে দুজনকে জবাই করে হত্যা
রংপুরে ধারালো ছুরি দিয়ে আজ বৃহস্পতিবার দুজনকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত দুজন হলেন, মোমিনুল ইসলাম (৪০) ও আব্দুস সালাম (৩৫)। এদের দুজনেরই বাড়ি রংপুর সদর উপজেলার উত্তম ইউনিয়নের হাজির হাট ও মন্থনা এলাকায়। পুলিশ সূত্র জানায়, ঈদের দিন রাত সাড়ে নয়টায় হাজির হাট এলাকার যুবক মোমিনুল তাঁর স্ত্রীর সঙ্গে বাড়িতে ফেরেন। স্ত্রীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ওই সময় বাড়িতে আসার পর একটি মোবাইল ফোন এলে তিনি স্ত্রীকে বাসায় রেখে মোটরসাইকেল করে বাইরে চলে যান। যাওয়ার সময় স্ত্রীকে শেষ কথা বলেছিলেন একজনের একটা ফোন এসেছে। আমি আসছি। এরপর মোমিনুল আর বাড়িতে ফিরে আসেননি। এদিকে আজ সকাল থেকে খবর ছড়িয়ে পড়ে ওই এলাকায় দুজনকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের উলিয়ার এলাকা থেকে মোমিনুল ও তার বন্ধু আব্দুস সালামের লাশ উদ্ধার করে। মোমিনুলের ব্যবহার করা মোটরসাইকেল ও মুঠোফোনও খোয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ধারালো অস্ত্র কিংবা ছুরি দিয়ে তাদের দুজনকেই জবাই করে হত্যা করা হয়েছে। এদিকে জোড়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলা ১২টা থেকে একটা পর্যন্ত বিক্ষুব্ধ জনগণ হাজির হাট এলাকায় মহাসড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাসসহ সকলপ্রকার যান চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। দুজনের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।