রংপুরে বিডিআর বিদ্রোহের ঘটনায় পৃথক দুটি মামলায় ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। রংপুর বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে আজ বুধবার এই অভিযোগ দাখিল করা হয়। কাল বৃহস্পতিবার অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ রাইফেলস দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। এদিকে ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে আজ ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি ১৬ জন কারাগারে আছেন। অন্যদিকে রংপুর সদর সেক্টরের মামলায় অভিযুক্ত ১১ জন জেলহাজতে রয়েছেন। আজ সকাল ১০টায় রংপুর সদর সেক্টরের প্রথম মামলায় ১১ জন জওয়ানকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করা হয়। এরপর দুপুর ১২টায় রংপুর সেক্টরের অধীন ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জন জওয়ানের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটির অভিযোগ দাখিল করা হয়। দুটি মামলার বিচারকাজে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিত্ রায়, সদস্য হিসেবে লে. কর্নেল মাহফুজ আলম ও মেজর দিদার-আল-লতিফ।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লে. কর্নেল ওমর সাদী ও মেজর সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ। আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ও মোখলেছুর রহমান।