রংপুরে দ্বিতীয় দিনেও পরিবহন ধর্মঘট চলছে
গ্রেপ্তার হওয়া ছয় শ্রমিকের মুক্তির দাবিতে রংপুরে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে ঢাকাসহ আন্তজেলার ২৩টি রুটে যান চলাচল বন্ধ আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ধর্মঘটের ডাক দেওয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আওয়ামী লীগ-সমর্থিত। ধর্মঘট প্রত্যাহার নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেমন কোনো উদ্যোগ নেই। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ বলেন, ‘হঠাৎ ধর্মঘট ডাকায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। তবে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, গত সোমবার রাতে শহরের গুপ্তপাড়া এলাকা থেকে ছয়জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। জুয়া খেলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদের দাবি, শ্রমিকদের গ্রেপ্তারের বিষয়টি সাজানো ঘটনা। তিনি শ্রমিকদের মুক্তি দাবি করেন।