রংপুরে নকল এইচএসসি পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ করে দেওয়ার চেষ্টার অভিযোগে উত্তরপত্রসহ রংপুরে দুই কলেজশিক্ষকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে গঙ্গাচড়া উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্নজগতসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের প্রভাষক মো. আশরাফুল আলম (৩৩), নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শ্রী স্বপন কুমার সরকার (৩৪), কুড়িগ্রামের কৃষ্ণপুর গ্রামের মো. আলী রেজা হিরণ (৪০), রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া গ্রামের মো. আমিনুল ইসলাম ওরফে মিস্টার আলী (২৫), রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকার মো. রেজভী আহমেদ (৩৮), শহরের ধাপ আর কে রোডের মারুফ হোসেন (৩২) ও তাহাজুল ইসলাম (৩২)।এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার গঙ্গাচড়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বুধবার রাতে গঙ্গাচড়া উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্নজগতের সামনের একটি হোটেল থেকে প্রভাষক আশরাফুল আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের ৮৮টি উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শহরের মেডিকেল মোড়, ধাপ, কেরানীপাড়া ডিসির মোড় ও ভিন্নজগত এলাকা থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়।গতকাল সকালে রংপুরের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এসপি সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে গ্রেপ্তার করা সাতজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফুল আলম জানান, সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজির শিক্ষক সুবল চন্দ্র পরীক্ষক হিসেবে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ৩০০ উত্তরপত্র নিয়ে আসেন। মূল্যায়নের সময় তিনি একটি উত্তরপত্রে ওই পরীক্ষার্থীর মুঠোফোন নম্বর দেখতে পান। পরে ওই পরীক্ষার্থীকে ফোন করে জানতে পারেন, তার নাম আনিসুল ইসলাম। সে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিএম কলেজ থেকে পরীক্ষা দিয়েছে। এরপর আনিসুল যে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে, সেই কেন্দ্রের অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বিভিন্ন দালাল চক্র এ কাজে সহযোগিতা করে। শেষ পর্যন্ত প্রায় ১০০ পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পরে তাদের সঙ্গে চুক্তি হয়, উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ দেওয়া হবে। এ জন্য প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, ২৬ মে বৃহস্পতিবার সবাই ভিন্নজগতে এসে উত্তরপত্রে নতুন করে লিখে দিয়ে যাবে। এ জন্য ১০০ উত্তরপত্র নিয়ে আশরাফুল আলম, সুবল চন্দ্র ও মিস্টার আলী বুধবার রাত নয়টার দিকে রংপুর শহরে আসেন। এরপর তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন।আশরাফুল আলম সাংবাদিকদের আরও জানান, তাঁর কাছে মোট ৮৮টি উত্তরপত্র ছিল। বাকি ১২টি উত্তরপত্র ছিল সুবল চন্দ্রের কাছে। গ্রেপ্তারের সময় তাঁরা আলাদা থাকায় পুলিশ সুবল চন্দ্রকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সুবল চন্দ্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।গত বছরের ৮ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভিন্নজগত থেকে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।