রংপুরে নিরাপত্তা কর্মীদের গুলিতে ২৫ গ্রামবাসী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার চতরা বিলের পাশে একটি বাঁধ পুনর্নির্মাণকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে স্থানীয় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীদের গুলিতে ২৫ গ্রামবাসী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাবেয়া অ্যান্ড রাইদা মৎস্য কোম্পানি মিঠাপুকুর ও পীরগঞ্জের সীমান্তবর্তী চতরা বিল মাছ চাষের জন্য ইজারা নেয়। বিলের পাশে প্রতিষ্ঠানটি বাঁধ দিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গ্রামবাসী এতে আপত্তি জানায়। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল রোববার মিঠাপুকুরের খিয়ারপুর গ্রামের বাসিন্দারা বাঁধটির একটি অংশ কেটে দেয়। আজ প্রতিষ্ঠানটি বাঁধ পুনর্নির্মাণ করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এ নিয়ে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মত্স্য কোম্পানির নিরাপত্ত কর্মীরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালান। এতে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে গলায় গুলিবিদ্ধ অবস্থায় নাজিমুন (২৫) এবং ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় আতাউলকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের বাড়ি মিঠাপুকুরের খিয়ারপুর গ্রামে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে রাবেয়া অ্যান্ড রাইদা মত্স্য কোম্পানির ব্যবস্থাপক বাচ্চু মিয়া এ ব্যাপারে কিছু জানাতে চাননি।