রংপুরে নির্বাচন থেকে সরে দাঁড়াল জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।বিবৃতিতে উল্লেখ করা হয়, মশিউর রহমানকে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের সিদ্ধান্ত না মানায় অপর দুই প্রার্থী আবদুর রউফ ও মোস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এর আগে মশিউর রহমানকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছিল। কিন্তু দলটির অন্য দুই নেতা আবদুর রউফ ও মোস্তাফিজুর রহমান নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তাঁদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন এরশাদ। এ অবস্থায় রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়ের সই করা বিবৃতিতে এরশাদ বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে জড়িত তিনজন প্রার্থী নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে এবং কর্মী-সমর্থকেরাও বিভ্রান্ত হচ্ছেন। তিনজন প্রার্থীই নিজেদের জাপার প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। ফলে ভোটাররাও বিভ্রান্ত হচ্ছেন।’এরশাদ বলেন, ‘রংপুরবাসীর প্রত্যাশা অনুসারে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি তথা আমার সমর্থিত কোনো প্রার্থী আমি রাখছি না।’