রংপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রংপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ধর্মঘট চলে। এতে রংপুর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় সব ধরনের বাস-ট্রাক চলাচল বন্ধ ছিল। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে গতকাল দুপুরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়। এর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। উত্তরবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা হবে। এর প্রেক্ষিতে সন্ধ্যা সাতটা থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিই। তিনি অভিযোগ করেন, শ্রমিক নেতা এম এ মজিদের ওপর পরিকল্পিতভাবে সাধারণ শ্রমিকেরা হামলা চালিয়েছেন। ওই ঘটনায় তিনিসহ ১০ জন আহত হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিল।এদিকে রংপুর জেলা শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক কমিটির নেতা সোলেমান আলী বলেন, এ ধর্মঘটে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সমর্থন ছিল না। শ্রমিক ও আওয়ামী লীগ নেতা এম এ মজিদের ওপর হামলায় সাধারণ শ্রমিকেরা জড়িত ছিল না বলে তিনি মন্তব্য করেন।