রংপুরে পুলিশ-ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সংঘর্ষ
রংপুরে নারীনীতি বাতিলের দাবিতে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২৫ হন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের পৌর পার্ক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১০ জন কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ছয়টার দিকে নারীনীতি বাতিলের দাবিতে শহরের পৌর পার্ক মার্কেটের সামনে থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল বের করে।পুলিশ মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আটক হওয়া ১০ কর্মীর বিরুদ্ধে মামলা করা হবে।